আসন্ন আন্তর্জাতিক ধরিত্রী দিবস ২০২৬ উপলক্ষে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জাতিসংঘ-এর মহাসচিব। “আমাদের শক্তি, আমাদের পৃথিবী” প্রতিপাদ্যে ২২শে এপ্রিল পালিত হতে যাচ্ছে এবারের দিবসটি। এ উপলক্ষে তিনি বিশ্ববাসীর প্রতি জরুরি আহ্বান জানিয়ে পরিবেশ রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর জোর দেন।
মহাসচিব তার বক্তব্যে বলেন, ধরিত্রী আমাদের জীবনধারণের জন্য সবকিছুই দিয়েছে, কিন্তু বিনিময়ে মানুষ তাকে ক্ষতবিক্ষত করেছে। অবাধ দূষণ, বন উজাড়, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহারের ফলে পৃথিবী আজ মারাত্মক সংকটে রয়েছে। বায়ুদূষণ, বিষাক্ত পানি, অস্থিতিশীল জলবায়ু এবং জীববৈচিত্র্যের দ্রুত হ্রাস এখন বৈশ্বিক বাস্তবতা।
তিনি আরও উল্লেখ করেন, পৃথিবী ইতোমধ্যেই বিপদের সংকেত দিচ্ছে—ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্যা, খরা, তাপপ্রবাহ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মাধ্যমে। তবুও বিশ্ব সম্প্রদায়ের প্রতিক্রিয়া এখনো যথেষ্ট নয় বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
আরও পড়ুন…এবার বাব আল-মান্দেব প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিল হুথি
বার্তায় বলা হয়, এই সংকট মোকাবিলার জন্য কার্যকর সমাধান ইতোমধ্যেই বিদ্যমান। নবায়নযোগ্য শক্তি এখন বিশ্বের অনেক অঞ্চলে সবচেয়ে সাশ্রয়ী বিদ্যুতের উৎসে পরিণত হয়েছে। একই সঙ্গে জলবায়ু কার্যক্রম নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে, অর্থনীতিকে শক্তিশালী করছে এবং মানুষের জীবন রক্ষা করছে।
তবে, অগ্রগতির গতি অত্যন্ত ধীর বলে মন্তব্য করেন মহাসচিব। তিনি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো, প্রকৃতি সংরক্ষণ ও পুনরুদ্ধার এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান—বিশেষ করে তাদের জন্য, যারা এই সংকট তৈরিতে সবচেয়ে কম ভূমিকা রেখেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
বিশ্বজুড়ে তরুণ কর্মী, আদিবাসী জনগোষ্ঠী, বিজ্ঞানী এবং নাগরিক সমাজ ইতোমধ্যেই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “তাদের শক্তিই আমাদের শক্তি।শেষে তিনি সরকার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা সাহসী ও জরুরি পদক্ষেপ গ্রহণ করে—পৃথিবী, মানবজাতি এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.