বিভিন্ন কারণে রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া অষ্টম শ্রেণি, দাখিল নবম শ্রেণি এবং আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবারও নিবন্ধনের সুযোগ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বিশেষ এবং মানবিক দিক বিবেচনায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে এই সময়সীমা বাড়ানো হয়েছে।
রবিবার (১০ মে) মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত তিনটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাদ পড়া শিক্ষার্থীরা আজ সোমবার (১১ মে) থেকে আগামী ১৯ মে পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবে। ফি জমা হওয়ার পর তথ্য আপলোড বা এন্ট্রি করার সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে ২১ মে পর্যন্ত। এই বর্ধিত সময়ে বিলম্ব ফি প্রদানের মাধ্যমে কেবল নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করা যাবে; তবে পূর্বে নিবন্ধিত কোনো শিক্ষার্থীর তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না।
ফি’র বিষয়ে বোর্ড জানিয়েছে, আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি ৬৮৫ টাকা এবং অনিয়মিত শিক্ষার্থীদের জন্য পাঠ বিরতি ফিসহ মোট ৮৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষকে বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ইআইআইএন (EIIN) ও পাসওয়ার্ড ব্যবহার করে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
এছাড়া রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে অফিস চলাকালীন সময়ে প্রতিষ্ঠানের নির্ধারিত সিম থেকে নির্দিষ্ট মোবাইল নম্বরে (০১৭১৩-০৬৮৯০৯ বা ০১৫১-৬১১৯৩৬০) যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.