কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ডুবল ঢাকা, জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১২ জুলাই ২০২৬
টানা ভারী বর্ষণে রাজধানী ঢাকা কার্যত জলমগ্ন হয়ে পড়েছে। কয়েক ঘণ্টার অবিরাম বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক, উপসড়ক, অলিগলি, আবাসিক এলাকা এবং নিম্নাঞ্চল ব্যাপক জলাবদ্ধতার কবলে পড়েছে।
কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান পানি জমে বাসাবাড়ির ভেতরে প্রবেশ করেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন লাখো নগরবাসী। একই সঙ্গে সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।
শনিবার (১২ জুলাই) সকাল থেকে শুরু হওয়া ভারী বর্ষণের পর রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, কল্যাণপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, বনানী, খিলক্ষেত, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, বাসাবো, মালিবাগ, যাত্রাবাড়ী, ডেমরা, সবুজবাগ, হাজারীবাগ, পুরান ঢাকা, আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করে। ড্রেন উপচে পানি রাস্তায় ছড়িয়ে পড়ে এবং দ্রুত আশপাশের বাসাবাড়িতে ঢুকে পড়ে।

আরও পড়ুন…প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ
সরেজমিনে দেখা যায়, রাজধানীর অনেক আবাসিক এলাকার নিচতলার কক্ষ, রান্নাঘর ও গলিপথ পানিতে তলিয়ে গেছে। অনেক পরিবারকে আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও প্রয়োজনীয় নথিপত্র রক্ষায় হিমশিম খেতে দেখা গেছে। কোথাও কোথাও পুরো আঙিনা পানির নিচে চলে গেছে। ভাসমান ময়লা-আবর্জনা ও নোংরা পানির কারণে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

রাজধানীর কয়েকটি নিম্নাঞ্চল প্রায় ছোট জলাশয়ের রূপ নিয়েছে। অনেক সড়কে যানবাহনের চাকা পানির নিচে ডুবে যায়। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়ে পড়ার ঘটনাও ঘটেছে।
অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়েছে। অনেককে বাধ্য হয়ে হাঁটুসমান পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।
এদিকে রাজধানীর বনানী, খিলক্ষেত, কাকলী, ঢাকা গেট এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র্যাম্পসংলগ্ন এলাকায় জলাবদ্ধতা আরও তীব্র হওয়ায় সতর্কবার্তা দিয়েছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের গুলশান বিভাগ।

ট্রাফিক পুলিশের গুবিপর্যস্ত লশান বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, টানা ভারী বর্ষণের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র্যাম্পের নিচের অংশ, বনানী, খিলক্ষেত, ঢাকা গেটসহ রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের চলাচল ধীরগতির হয়ে পড়েছে এবং অনেক স্থানে যানজটের সৃষ্টি হয়েছে।
বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে পুলিশ।
একই সঙ্গে মোটরযান চালক ও পথচারীদের প্রতি অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার, জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে যানবাহন চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে ধৈর্য ধরে চলাচলের আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজধানীতে প্রতি বর্ষা মৌসুমেই একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হলেও জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও স্থায়ী উদ্যোগ চোখে পড়ে না।
অপরিকল্পিত নগরায়ণ, খাল ও জলাধার ভরাট, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার না হওয়ার কারণে অল্প সময়ের বৃষ্টিতেই রাজধানীর বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়।
নগর পরিকল্পনাবিদদের মতে, রাজধানীর প্রাকৃতিক পানি প্রবাহের পথ সংকুচিত হয়ে পড়ায় এবং দ্রুত পানি নিষ্কাশনের সক্ষমতা না থাকায় সামান্য সময়ের ভারী বর্ষণেও জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করছে।

এ সংকট নিরসনে খাল পুনরুদ্ধার, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, বৃষ্টির পানি ব্যবস্থাপনায় সমন্বিত পরিকল্পনা এবং কার্যকর নগর ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েক দিন রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে জলাবদ্ধতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
রাজধানীবাসীর প্রত্যাশা, প্রতিবছরের মতো সাময়িক ব্যবস্থা নয়, বরং দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনার মাধ্যমে ঢাকাকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। অন্যথায় প্রতি বর্ষায় একই দুর্ভোগ নগরবাসীর নিত্যসঙ্গী হয়েই থাকবে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.