ওজোন স্তর সংরক্ষণের আন্তর্জাতিক দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৪ সেপ্টেম্বর ২০২৬

ওজোন স্তর সংরক্ষণের পাশাপাশি বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় কিগালি সংশোধনী অনুমোদন ও বাস্তবায়নের জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ১৬ সেপ্টেম্বর ওজোন স্তর সংরক্ষণের আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

জাতিসংঘ মহাসচিব বলেন, এক দশক আগে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতির ধারাবাহিকতায় মন্ট্রিল প্রোটোকলের অধীনে কিগালি সংশোধনী গ্রহণ করা হয়।এর লক্ষ্য ছিল ওজোন স্তর রক্ষার পাশাপাশি শীতলীকরণ ব্যবস্থায় ব্যবহৃত শক্তিশালী গ্রিনহাউস গ্যাস হাইড্রোফ্লুরোকার্বন (এইচএফসি) কমিয়ে আনা।

আরও পড়ুন…ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন

এবারের দিবসের প্রতিপাদ্য ‘একটি শীতলতর পৃথিবীর জন্য বৈশ্বিক পদক্ষেপ’। জাতিসংঘ মহাসচিব বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র দাবদাহের প্রকোপ বাড়তে থাকায় কার্যকর শীতলীকরণ ব্যবস্থা মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এই চাহিদা পূরণ করতে হবে ন্যায্য ও টেকসই উপায়ে।

তিনি জানান, কিগালি সংশোধনী পুরোপুরি বাস্তবায়িত হলে চলতি শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি প্রায় শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানো সম্ভব হতে পারে। এর সঙ্গে জ্বালানি-সাশ্রয়ী শীতলীকরণ প্রযুক্তির সমন্বয় ঘটানো গেলে জলবায়ু সুরক্ষায় সুফল আরও দ্বিগুণ হতে পারে।

জাতিসংঘ মহাসচিবের মতে, টেকসই শীতলীকরণ ব্যবস্থা জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, মানুষের জীবিকা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সক্ষমতা বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওজোন দিবস উপলক্ষে তিনি বিশ্বের সব দেশের প্রতি কিগালি সংশোধনী অনুমোদন ও বাস্তবায়ন, টেকসই শীতলীকরণ ব্যবস্থায় দ্রুত রূপান্তর এবং মানুষ ও পৃথিবীকে সুরক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ইবাংলা বাএ

জাতিসংঘবার্তামহাসচিবের