পাবনার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরি ডাঙারপাড়া এলাকায় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাকে কেন্দ্র করে হামলা, মারধর ও গুরুতর জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. কুরবান আলী খান (৪২)।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে স্থানীয় একটি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা শুরু হয়। কুরবান আলী খানের দলের সঙ্গে আতাইকুলা দলের খেলা চলাকালে সন্ধ্যার দিকে খেলোয়াড়দের মধ্যে এ সংঘর্ষ হয়।
অভিযোগকারী দাবি করেন, একপর্যায়ে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে লোহার রড, জিআই পাইপ, কাঠের বাটাম, বাঁশের লাঠি, গাছের ডাল ও লাঠিসোঁটা নিয়ে মাঠের পাশে অবস্থান নেন। পরে তার দলের সদস্য ও স্থানীয় কয়েকজনের সঙ্গে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
আরও পড়ুন…গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন কিংবদন্তি লিওনেল মেসি
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা মো. আলামিন (২৯) অভিযুক্তদের গালাগালি করতে নিষেধ করলে ১ নম্বর অভিযুক্তের নির্দেশে কয়েকজন তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে আলামিনের হাত, পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আলামিনকে রক্ষা করতে এগিয়ে গেলে অভিযোগকারী কুরবান আলী খানকেও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার অভিযোগ করা হয়েছে।
জিআই পাইপ দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি মাথা সরিয়ে নেওয়ায় আঘাতটি তার বাম হাতে লাগে এবং এতে গুরুতর জখম হয় বলেও অভিযোগপত্রে দাবি করা হয়েছে।
অভিযোগপত্রে নাম উল্লেখ করা ২১ জন হলেন—
১. মো. বাকী প্রাং (৬০), ২. মো. ফিরোজ প্রাং (৩৫), ৩. মো. আরিফুল ইসলাম (৩৫),৪. মো. মিজান প্রাং (৬৫),৫. মো. নাজিম বিশ্বাস (২৫),৬. মো. নাজমুল বিশ্বাস (৩০), ৭. মো. হৃদয় হোসেন (৩০), ৮. মো. শাহিন প্রাং (৩০), ৯. মো. কাওছার প্রাং (২০),১০. ভাদু ফিরুজ (৩৮), ১১. মো. সাকিব প্রাং (২৫), ১২. মো. ববি প্রাং (৩৫), ১৩. মো. সেলিম প্রাং (৪০), ১৪. মো. শুভ খান (২৫), ১৫. মো. মাছিন খান (২২), ১৬. মো. বেজাউল সরদার (৩০), ১৭. মো. বই সরদার (৪০), ১৮. মো. মুকালিন (২৫), ১৯. জাহেদুল মল্লিক (৩০), ২০. মো. রাশেদ মল্লিক (৩০), ২১. মো. সাঈদ মল্লিক (৩০)।
অভিযোগকারী আরও দাবি করেন, হামলার সময় তাকে ও অন্যদের হত্যার হুমকি দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে সরে যায়। এ ঘটনায় তিনি ও অন্য আহতদের চিকিৎসার প্রয়োজন হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে কুরবান আলী খান নিজেকে ভাঁড়ারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে উল্লেখ করেছেন।
তিনি জানান, স্থানীয় কোলচরি ডাঙারপাড়া স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এ তার দল অংশ নেয় এবং তিনি দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার পর নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে অভিযোগকারী পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।