কপ৩১-এর দ্বিতীয় দিনে জলবায়ু সহনশীল নগর ও টেকসই অবকাঠামোয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান

ইবাংলা.প্রেস | তুরস্কের আন্তালিয়া থেকে ইস্রাফিল হাওলাদার | ১২ নভেম্বর ২০২৬

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বিশ্বনেতা জলবায়ু কর্মপরিকল্পনা সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে জলবায়ু সহনশীল নগর, টেকসই অবকাঠামো এবং পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবারের (১২ নভেম্বর) এবারের প্রতিপাদ্য ‘রেজিলিয়েন্ট সিটিজ অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্ট’। পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে বিশ্বনেতাদের সম্মেলন ও কপ৩১ বিজনেস ফোরাম।

দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন দেশের সরকারপ্রধান, মন্ত্রী, নগর প্রশাসনের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নগর অবকাঠামোকে আরও সহনশীল করা, জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণ, বিদ্যুৎ গ্রিড আধুনিকায়ন, অভিযোজন কার্যক্রম এবং পরিবেশবান্ধব শিল্পায়নে বাস্তবভিত্তিক উদ্যোগ এগিয়ে নেওয়াই এবারের আলোচনার মূল লক্ষ্য।

আরও পড়ুন…হাইওয়ে পুলিশের নতুন প্রধান হলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান মো. সায়েদুর রহমান

সকালে অনুষ্ঠিত হচ্ছে মিথেন ও অন্যান্য অ-কার্বন ডাই-অক্সাইড গ্রিনহাউস গ্যাসবিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলন। এতে বিশ্বনেতারা মিথেন নিঃসরণ কমাতে নতুন প্রতিশ্রুতি, অংশীদারত্ব ও অর্থায়নের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করছেন। স্বল্পমেয়াদি বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ এবং তাপমাত্রা বৃদ্ধির ঝুঁকি কমাতে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

একই সময়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে কপ৩১ বিজনেস ফোরাম। এতে আন্তর্জাতিক ব্যবসায়ী ও শিল্পনেতারা জলবায়ু কার্যক্রম বাস্তবায়নে বেসরকারি খাতের ভূমিকা এবং বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরছেন। পাশাপাশি তুরস্কের শিল্পকারখানার কার্বন নিঃসরণ কমাতে আন্তর্জাতিক অংশীদারত্ব সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হচ্ছে।

দিনের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছে ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যাটফর্মের উদ্বোধন। এ আয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে প্রথম ২০টি জিরো ওয়েস্ট ডিস্ট্রিক্টের নাম ঘোষণা করা হবে। বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার এবং সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ও অর্থনৈতিক সুফল অর্জনের বিষয়েও প্রতিবেদন উপস্থাপন করা হবে।

এ ছাড়া তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান আনুষ্ঠানিকভাবে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করবেন। কপ৩১-এর ব্লু জোনে অবস্থিত প্রায় ১০ হাজার বর্গমিটারের এ স্থাপনাটি বর্জ্যহীন ভবিষ্যৎ ও পরিবেশবান্ধব জীবনধারার ধারণা তুলে ধরবে।

ভবন ও নির্মাণ খাতের জলবায়ু কার্যক্রম এগিয়ে নিতে অনুষ্ঠিত হচ্ছে ইন্টারগভর্নমেন্টাল কাউন্সিল ফর বিল্ডিংস অ্যান্ড ক্লাইমেটের দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের বৈঠক। এতে জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণের জন্য ‘আনতালিয়া কমপ্যাক্ট’ উপস্থাপনের কথা রয়েছে।

জলবায়ু অভিযোজন ও নগর সহনশীলতা নিয়েও থাকছে একাধিক উচ্চপর্যায়ের আলোচনা। বিশেষ করে টেকসই নগর সহনশীলতা অর্থায়ন সুবিধার মাধ্যমে নগরগুলোর জলবায়ু পরিকল্পনাকে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপান্তর, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থায়ন সংকট দূর করার বিষয়গুলো গুরুত্ব পাবে।

এদিকে স্বল্পোন্নত দেশগুলোর সবুজ শিল্পায়নে বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন একটি প্রক্রিয়া চালু করা হবে। এর মাধ্যমে পরিবেশবান্ধব শিল্প প্রকল্পগুলোকে বিনিয়োগের উপযোগী করে তুলতে সহায়তা দেওয়া হবে। এ উদ্যোগের সঙ্গে প্রতিষ্ঠাতা অংশীদারদের নাম ঘোষণা এবং আনতালিয়া ঘোষণা আনুষ্ঠানিকভাবে প্রকাশের পরিকল্পনা রয়েছে।

আফ্রিকার জলবায়ু নেতৃত্ব, খাদ্য ও পানির নিরাপত্তা, মানুষের জীবিকা এবং অভিযোজন কার্যক্রমে অর্থায়ন নিয়েও আলোচনা হবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জলবায়ু সহনশীলতা জোরদারে প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটির জন্য আন্তর্জাতিক অর্থায়ন সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে।

দিনের শেষভাগে ‘প্যাসিফিক রাইজিং’ শীর্ষক জলবায়ুবিষয়ক প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ু সংকট, নেতৃত্ব ও সম্ভাব্য সমাধান বিশ্বদরবারে তুলে ধরা হবে।

সম্মেলনের আয়োজকদের মতে, কপ৩১-এর এবারের দিনের মূল লক্ষ্য শুধু জলবায়ু প্রতিশ্রুতি ঘোষণা নয়, বরং সেগুলোকে বাস্তব প্রকল্প, কার্যকর অর্থায়ন ও আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়া। তবে বিভিন্ন অনুষ্ঠানে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার সংশ্লিষ্ট আয়োজকদের চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করবে।

ইবাংলা বাএ

এরকপ৩১দিনেদ্বিতীয়