বিশ্ব সড়ক ট্রাফিক স্মরণ দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব বার্তা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৪ নভেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় প্রাণহানিকে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য ও নিরাপত্তার বড় সংকট হিসেবে উল্লেখ করে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।১৫ নভেম্বর ২০২৬ বিশ্ব সড়ক দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের স্মরণে পালিত দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

বাণীতে জাতিসংঘ মহাসচিব বলেন, গত বছর বিশ্বের সড়কগুলোতে ১১ লাখ ৬০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আরও লাখ লাখ মানুষ গুরুতর ও দীর্ঘমেয়াদি শারীরিক ক্ষতির শিকার হয়েছেন।

আরও পড়ুন…সরকারের নতুন উদ্যোগ গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে

৫ থেকে ২৯ বছর বয়সী শিশু-কিশোর ও তরুণদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় নিহতদের ৯০ শতাংশেরও বেশি নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর নাগরিক।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় এসব প্রাণহানি ও দুর্ভোগ অনিবার্য নয়; বরং কার্যকর উদ্যোগের মাধ্যমে এগুলো প্রতিরোধ করা সম্ভব। সড়ক অবকাঠামোর উন্নয়ন, নিরাপদ আচরণ নিশ্চিত করা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা জোরদার এবং আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে প্রাণহানি ও মানুষের দুর্ভোগ কমানো যেতে পারে।

জাতিসংঘের মহাসচিব আরও বলেন, সড়ক নিরাপত্তা বিষয়ে জাতিসংঘের দশকব্যাপী কর্মপরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিশ্বব্যাপী সম্মিলিত প্রচেষ্টার ফলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার ২১ শতাংশ কমেছে। তবে এ লক্ষ্য অর্জনে আরও শক্তিশালী নীতিমালা প্রণয়ন এবং আইনের কার্যকর প্রয়োগ প্রয়োজন।

এ লক্ষ্য বাস্তবায়নে জাতিসংঘ বিভিন্ন দেশের পাশে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘের সড়ক নিরাপত্তা কনভেনশন, জাতিসংঘ সড়ক নিরাপত্তা তহবিল এবং সড়ক নিরাপত্তাবিষয়ক বিশেষ দূতের মাধ্যমে দেশগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।

বাণীর শেষাংশে আন্তোনিও গুতেরেস বলেন, সড়ক দুর্ঘটনায় যাঁদের হারিয়েছি, তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানাতে এবং সবার জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নতুন করে অঙ্গীকারবদ্ধ হতে হবে।

ইবাংলা বাএ

জাতিসংঘবার্তামহাসচিব