দক্ষ জনশক্তি তৈরিতে SIMT-তে নিয়োগকর্তা সভা

রাজধানীর সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজিতে (SIMT) নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি এবং কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রাজধানীর সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজিতে (SIMT) নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) SIMT-এর আয়োজনে এবং SICIP-BEIOA PIU-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে দেশের ২০টি স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সভায় শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব চাহিদা, দক্ষতার ঘাটতি, প্রশিক্ষণের মান উন্নয়ন এবং প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাইক গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সোহেলী ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন SICIP-BEIOA-GoB-এর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন স্পেশালিস্ট মো. খায়রুল ইসলাম। সভা সঞ্চালনা করেন সাইক গ্রুপের হেড অব জব প্লেসমেন্ট মো. মামুনুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক খাঁন, মো. মহাসিন আলী ও উম্মে কাউছার সুমনা।

সভায় বক্তারা বলেন, বর্তমান শিল্প ও শ্রমবাজারে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়; কর্মক্ষেত্রের উপযোগী ব্যবহারিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা এবং বাস্তব অভিজ্ঞতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পপ্রতিষ্ঠানগুলোর চাহিদা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা গেলে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি নিয়োগদাতাদের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।

এ সময় শিল্পপ্রতিষ্ঠান ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ ও অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের জন্য ইন্টার্নশিপ, শিল্পপ্রতিষ্ঠানে হাতে-কলমে কাজ শেখার সুযোগ, চাকরির সংযোগ এবং প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থান সহায়তা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

সভায় নিয়োগকর্তাদের মতামত ও পরামর্শের ভিত্তিতে প্রশিক্ষণ কার্যক্রমকে আরও সময়োপযোগী ও কর্মমুখী করার বিষয়টিও গুরুত্ব পায়। সংশ্লিষ্টদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে সমন্বয় বাড়লে একদিকে যেমন দক্ষ কর্মী সংকট কমবে, অন্যদিকে প্রশিক্ষণার্থীদের কর্মজীবনে প্রবেশের পথও সহজ হবে।

সভা শেষে প্রধান অতিথি মো. খায়রুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।