রামপাল বিদ্যুৎকেন্দ্র, কিশোরগঞ্জ স্বাস্থ্যকেন্দ্র ও সিলেট সড়ক প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দুদকের

বিশেষ প্রতিবেদক | ইবাংলা.প্রেস | দুর্নীতিবিরোধী অভিযান | ২৬ জুন ২০২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট বাগেরহাট, কিশোরগঞ্জ ও সিলেটে তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে যেখানে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

বৃহস্পতিবার (২৬ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট পৃথকভাবে দেশের গুরুত্বপূর্ণ ৩ টি অবকাঠামো ও সেবা খাতে এ অভিযান পরিচালনা করে। অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিদর্শন করে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বৈষম্য ও অনিয়মের অভিযোগ

বাগেরহাট জেলার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মকর্তাদের নিয়োগে বৈষম্য, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিদ্যুৎ কেন্দ্রের মালামাল লুটপাটসহ নানা অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ভারতীয় প্রতিষ্ঠান NTPC কর্তৃক একতরফাভাবে প্রণীত নিয়োগ নীতিমালা দেশীয় কর্মকর্তাদের ক্ষোভের কারণ হয়েছে। আইনের পরিপ্রেক্ষিতে বিদেশি কর্মকর্তা প্রতি ২০ জন দেশি কর্মকর্তা নিয়োগের বিধান থাকা সত্ত্বেও নিয়ম লঙ্ঘনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এছাড়া কয়লা আমদানিতে অনিয়ম এবং মিথ্যা মেডিকেল বিল জমা দেয়ার বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে।

কিশোরগঞ্জে স্বাস্থ্য সেবায় গাফিলতি ও বিদ্যুৎ সমস্যা

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ বিল গাফিলতি ও সেবা প্রদানে অনিয়মের কারণে রোগীরা তীব্র দুর্ভোগে পড়েছে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ বিল গাফিলতি ও সেবা প্রদানে অনিয়মের বিরুদ্ধে দুদক টিমের অভিযান। ছবি :- সংগৃহীত

 

স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ খাতে বরাদ্দ কম হওয়ায় নিয়মিত বিল পরিশোধ করা সম্ভব হয়নি, যার ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে সেবা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। দুদকের টিম রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে সেবার মান যাচাই ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে।

সিলেটে সড়ক সংস্কারে নিম্নমান ও দীর্ঘসূত্রিতার অভিযোগ

সিলেটে সড়ক সংস্কারে নিম্নমান ও দীর্ঘসূত্রিতার অভিযোগে দুদক টিমের অভিযান। ছবি :- সংগৃহীত

সিলেট জেলার সালুটিকর-গোয়াইনঘাট সড়ক সংস্কারের কাজ যথাসময়ে সম্পন্ন না হওয়া, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং প্রকল্পের একটি অংশ বাদ দিয়ে কাজ করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়ায় অভিযান পরিচালিত হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ঠিকাদারী কার্যাদেশ পাওয়া সত্ত্বেও কাজ সময় মতো শেষ হয়নি এবং প্রকল্পের প্রায় ১৩০০ মিটার সড়ক সংস্কারের কাজ অন্তর্ভুক্ত করা হয়নি।

দুদকের এনফোর্সমেন্ট ইউনিট অভিযানকালে সংগৃহীত তথ্যাদি বিশ্লেষণ করে কমিশনের নিকট বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে। কমিশন তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

এই অভিযানগুলো দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে দুদকের প্রতিশ্রুতির অংশ হিসেবে গৃহীত পদক্ষেপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সতর্ক করে কমিশন দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ইবাংলা/ বাএ

অভিযোগকিশোরগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রদুদকেররামপাল বিদ্যুৎকেন্দ্রসিলেট সড়ক প্রকল্পে