আত্মহত্যা করলেন অভিনেত্রী, সুইসাইড নোট লিখে

বিনোদন ডেস্ক

বর্ণবাদ ও নারী সুরক্ষা নিয়ে সরব কণ্ঠ হিসেবে পরিচিত দক্ষিণ ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী স্যান র‍্যাচেল আত্মহত্যা করেছেন। অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের ফলে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুদুচেরির একটি সরকারি হাসপাতাল। মৃত্যুকালে তার বয়স ছিল ২৬ বছর।

পুলিশ সূত্রে জানা গেছে, ৫ জুলাই পুদুচেরির নিজ বাড়িতে একসঙ্গে বিপুল পরিমাণ ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে তাকে প্রথমে ইন্দিরা গান্ধী সরকারি হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে জওহরলাল ইনস্টিটিউট অব পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১২ জুলাই তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা সুইসাইড নোটে র‍্যাচেল উল্লেখ করেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে, পুলিশ জানায়, তিনি প্রচণ্ড আর্থিক সংকট এবং ঋণের চাপের কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। সাম্প্রতিক বিয়ের পর বৈবাহিক জীবনে কোনো অশান্তি ছিল কি না, তাও তদন্ত করে দেখছে প্রশাসন। আজ তার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন…কঠিন শাস্তি পেলেন সিরাজ ডাকেটকে ধাক্কা দিয়ে

স্যান র‍্যাচেল ছিলেন একজন প্রতিষ্ঠিত মডেল এবং সামাজিক সচেতনতামূলক কণ্ঠস্বর। তার প্রকৃত নাম ছিল শঙ্কর প্রিয়া। ২০১৯ সালে তিনি ‘মিস ডার্ক কুইন তামিলনাড়ু’, ২০২০ সালে ‘মিস পুদুচেরি’, এবং ২০২২ ও ২০২৩ সালে ‘কুইন অব মাদ্রাজ’ খেতাব অর্জন করেন। এছাড়াও তিনি ছিলেন ‘মিস বেস্ট অ্যাটিটিউড ২০১৯’-এর বিজয়ী। আন্তর্জাতিক মঞ্চেও তিনি ভারতকে প্রতিনিধিত্ব করেছেন লন্ডন, জার্মানি ও ফ্রান্সে বিভিন্ন মডেলিং প্রতিযোগিতায়।‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে পরিচিত এই মডেলের অকাল প্রয়াণে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমে অনেকে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।

ইবাংলা বাএ

অভিনেত্রীনোটলিখেসুইসাইড