রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় মাইলস্টোন স্কুল ও কলেজের প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল বলে জানা গেছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টায় কিছু পর মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান ভেঙে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) বুলবুল আহমেদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় স্কুল শাখায় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলমান ছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরাও।
আরও পড়ুন…রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত
ঘটনার বিষয়ে মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) বুলবুল আহমেদ বলেন, বিমান বিধ্বস্তের সময় আমাদের প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। বিকট শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। অনেকে কান্নায় ভেঙে পড়ে, শিক্ষকরা দ্রুত তাদের নিরাপদে সরিয়ে নিতে তৎপর হন।
তিনি আরও বলেন, আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার কার্যক্রমে সহায়তা করি। কয়েকজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি, তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো আমাদের হাতে নেই।