ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২২ জুলাই ২০২৫ | ঢাকা, মঙ্গলবার

বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT-7 BGI যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে ২১ জুলাই ২০২৫, সোমবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই এটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়।

বিমানটি দুর্ঘটনায় পতিত হওয়ার সময় বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম বীরত্বের সঙ্গে বিমানটিকে জনবহুল এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তা সম্ভব না হওয়ায় বিমানটি ঢাকার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

আরও পড়ুন…উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনা: উদ্ধার কাজে বাধা, তদন্তে সেনাবাহিনী

এই দুর্ঘটনায় আহতদের দ্রুত সিএমএইচসহ নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৭ বছর ৮ মাস ১৩ দিন।

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার প্যারেড গ্রাউন্ডে বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ছবি :- ইবাংলা.প্রেস

 

ফিউনারেল প্যারেড: ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার প্যারেড গ্রাউন্ডে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের পক্ষ থেকে সহকারী নৌবাহিনী প্রধান (পরিচালন) মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের পক্ষ থেকে সহকারী নৌবাহিনী প্রধান (পরিচালন) মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। ছবি:- ইবাংলা.প্রেস।

 

পরিবারের সদস্যসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ফিউনারেল প্যারেডে উপস্থিত ছিলেন। জানাজা শেষে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে তার নিজ জেলা রাজশাহীর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

জীবন ও কর্ম: ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম ৯ নভেম্বর ১৯৯৭ সালে রাজশাহীর বোয়ালিয়া থানার সপুরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ তহুরুল ইসলাম এবং মাতার নাম মোছাঃ সালেহা খাতুন। তিনি পাবনা ক্যাডেট কলেজ থেকে এসএসসি (২০১৪) ও এইচএসসি (২০১৬) পাস করেন এবং ২০২০ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে বিএসসি (অ্যারোনটিক্স) ডিগ্রি অর্জন করেন।

২০১৬ সালের ২২ ডিসেম্বর বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন এবং ২০১৯ সালের ১ ডিসেম্বর জিডি (পি) শাখায় কমিশন লাভ করেন।
তিনি ১১ স্কোয়াড্রন, ১৫ স্কোয়াড্রন ও ৩৫ স্কোয়াড্রনে স্কোয়াড্রন পাইলট ও অ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরি জীবনে তিনি দেশে ও বিদেশে গুরুত্বপূর্ণ পেশাগত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

যার মধ্যে রয়েছে— বেসিক ফ্লাইং ট্রেনিং, বেসিক জেট ও ফাইটার কনভার্সন কোর্স, এয়ার ইন্টেলিজেন্স, ফিজিওলজি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও সিকিউরিটি বিষয়ক ট্রেনিং, ভারতের অ্যারোস্পেস মেডিসিন বিষয়ে অপারেশনাল ট্রেনিং

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-ও একইভাবে শোক প্রকাশ করেছেন।

ইবাংলা বাএ