উগ্রবাদ রুখতে নারী সমাজকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

ইবাংলা.প্রেস ডেস্ক | ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

বাংলাদেশে যেন উগ্রবাদ ও চরমপন্থা কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য নারী সমাজসহ দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীর অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় ভিডিওবার্তায় তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “বাংলাদেশ যেন একজন মায়ের চোখে স্বপ্নের দেশ হয়, এমন বাংলাদেশ গড়তে হলে আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদ বা উগ্রবাদ মাথাচাড়া না দিতে পারে, সে বিষয়ে নারী সমাজকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের মা-বোনদের প্রতি আমার অনুরোধ, সকলে মিলে আমরা একটি ইনসাফভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই।”

তিনি বলেন, “প্রায় চার কোটি পরিবারের মধ্যে প্রথম ধাপে ৫০ লাখ প্রান্তিক পরিবারে ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে বিএনপির। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নারীদের নামে এই কার্ড ইস্যু করা হবে, যার মাধ্যমে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করা হবে।

আরও পড়ুন…দুর্নীতিতে অপ্রতিরোধ্য গণপূর্তের উপ-প্রকৌশলী তুষার আলম; গড়েছেন সম্পদের পাহাড়

তারেক রহমান আরও বলেন, “নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন না ঘটিয়ে, তাদের রাষ্ট্র ও রাজনীতির মূল ধারায় সম্পৃক্ত না করে কখনোই নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব নয়।

নারী-পুরুষের বৈষম্য না রেখে সবাইকে দক্ষ করে গড়ে তুলতে হবে। এতে যেমন সমাজে স্বাবলম্বী পরিবার গড়ে উঠবে, তেমনি পারিবারিক সহিংসতাও কমে আসবে।

বিএনপি’র নারী নীতির ব্যাখ্যায় তিনি বলেন, “আমাদের স্লোগান— ‘ক্ষমতায়িত নারী শক্তি, পরিবারের মুক্তি’। নারীদের শিক্ষা, চাকরি, ব্যবসা ও নিরাপত্তার জন্য পরিবেশ তৈরিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষ, মানবিক জনশক্তি তৈরির রাজনীতিই বিএনপি চর্চা করে।”

আলোচনা সভায় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস স্বাগত বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন দলের উপদেষ্টা কাউন্সিল সদস্য আফরোজা খান রিতা। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সেলিমা রহমান, জেএসডির সহসভাপতি তানিয়া রব, অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, তাহসিনা রুশদীর লুনা, শিরিন সুলতানা, অধ্যাপক শামীমা সুলতানা, শহীদ পরিবারের সদস্য সানজিদা ইসলাম তুলি ও টকশো উপস্থাপক হাসিনা আখতার।

অনুষ্ঠানে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীর অবদান’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা মেডেল তুলে দেয় আয়োজকরা।

ইবাংলা বাএ

আহ্বানতারেকথাকাররহমানেরসজাগ