তিন জেলায় দুদকের অভিযান: উঠে এলো অনিয়মের চিত্র

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১ আগস্ট ২০২৫

দেশব্যাপী দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান অব্যাহত রয়েছে। আজ কমিশনের এনফোর্সমেন্ট ইউনিট দেশের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে—ঢাকা, ঠাকুরগাঁও ও হবিগঞ্জে—একযোগে অভিযান পরিচালনা করেছে।

সরকারি টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, স্বাস্থ্যসেবায় গাফিলতি এবং প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সংশ্লিষ্ট অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা প্রতীয়মান হয়েছে।

অভিযান ০১: ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে টেন্ডার অনিয়ম:
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে টেন্ডার প্রক্রিয়া উপেক্ষা করে ডেস্কটপ কম্পিউটার ও আনুষঙ্গিক সরঞ্জাম ক্রয়ের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়, ঢাকা হতে একটি টিম সরেজমিনে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে টিম ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের দপ্তর হতে সংশ্লিষ্ট টেন্ডার সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে। প্রাথমিক পর্যালোচনায় দেখা যায়, ক্রয় কার্যাদেশ প্রদানে সরকার নির্ধারিত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি এবং সেখানে বিধিবহির্ভূত ও অনিয়মতান্ত্রিক কার্যক্রম সংঘটিত হয়েছে বলে ধারণা পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে কমিশনে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিলের প্রস্তুতি চলছে।

অভিযান ০২: পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় চরম অনিয়ম:
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে চরম অনিয়ম ও হয়রানির অভিযোগ দীর্ঘদিন ধরেই পাওয়া যাচ্ছিল। এ প্রেক্ষিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও থেকে একটি টিম ছদ্মবেশে অভিযান পরিচালনা করে।

টিম সদস্যরা সরেজমিনে হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন এবং রোগীদের ও সেবাগ্রহীতাদের সাথে সরাসরি কথা বলেন।
তদন্তে নিম্নমানের খাবার, যথাযথভাবে ওষুধ বিতরণ না করা, অনেক রোগ নির্ণয়ের যন্ত্রপাতি নষ্ট থাকা, সচল যন্ত্রের ব্যবহারেও দেরি বা হয়রানির অভিযোগ পাওয়া যায়।

এছাড়া রোগীর রেজিস্টার দীর্ঘদিন ধরে হালনাগাদ করা হয়নি, যা প্রশাসনিক দায়িত্বে গাফিলতির পরিষ্কার প্রমাণ। স্টক রেজিস্টারে অসঙ্গতির বিষয়ে জিজ্ঞাসাবাদে নার্স ইনচার্জ সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।

দুদক টিম স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছে। অভিযানের ফলাফল ও প্রমাণসমূহ বিশ্লেষণ করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযান ০৩: হবিগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামোগত অনিয়ম ও অর্থ আত্মসাৎ:
হবিগঞ্জ সদর উপজেলার চরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬,৯৫,০০০ টাকা ব্যয়ে অবকাঠামো উন্নয়নের কাজের কথা থাকলেও, সেই কাজের কোনো রেকর্ড বা সংশ্লিষ্ট নথিপত্র বিদ্যালয়ে পাওয়া যায়নি।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ থেকে একটি টিম অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটি পরিদর্শনে যায়। অভিযানে দেখা যায়, বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত ল্যাপটপ, ডেস্কটপ ও প্রিন্টার বিদ্যালয়ে অনুপস্থিত। অনুসন্ধানে জানা যায়, এসব যন্ত্রপাতি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাসায় রাখা হয়েছে।

অভিযানকালে জানা যায়, বিদ্যালয়ের যাবতীয় আর্থিক রেকর্ডপত্রও বিদ্যালয়ে না রেখে প্রধান শিক্ষকের বাসায় রাখা হয়েছে, যা প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিপন্থী।

টিম অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রয়োজনীয় রেকর্ড সংগ্রহ করেছে। পর্যালোচনাপূর্বক কমিশনে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের প্রস্তুতি চলছে।

ইবাংলা বাএ

অনিয়মেরঅভিযানউঠেএলোচিত্র