২০২৫-২৬ করবর্ষ থেকে সব সাধারণ ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (৩ আগস্ট) এক সরকারি আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
আরও পড়ুন…নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে ঢাকায় চিরুনি অভিযান, চলবে আগস্টজুড়ে
এনবিআরের জারি করা আদেশে বলা হয়, করদাতাদেরকে www.ctaxnbf.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে রিটার্ন দাখিল করতে হবে। তবে চারটি শ্রেণির করদাতার ক্ষেত্রে এই বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। তারা চাইলে আগের মতো কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন।
যারা ছাড় পাচ্ছেন:
৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা
শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রমাণসাপেক্ষে)
বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক
মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি
তবে, এই চার শ্রেণির করদাতারাও চাইলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।
কারিগরি জটিলতায় বিকল্প ব্যবস্থা
অনলাইনে রিটার্ন দাখিলে কেউ কারিগরি সমস্যায় পড়লে, তাকে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনার বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে। যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারলে এবং অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন পেলে, তিনি কাগজে রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন।
ডিজিটাল করব্যবস্থার লক্ষ্য
এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান স্বাক্ষরিত আদেশে বলা হয়, করব্যবস্থাকে ডিজিটাল, স্বচ্ছ এবং হয়রানিমুক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার মাধ্যমে করসেবার গুণগত মান বাড়বে বলে আশা করছে এনবিআর।
সকল সরকারি ও বেসরকারি দপ্তরকে এই আদেশের ব্যাপারে অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
ইবাংলা.প্রেস/ বাএ