জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গণ-অভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে সাবেক ৭৩ শিক্ষার্থীর সনদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
আরও পড়ুন…বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা
সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। হামলার ঘটনায় গঠিত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এসব শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রতিবেদনে ২২৯ জনের নাম উঠে আসার কথা উল্লেখ করে উপাচার্য জানান, হামলায় জড়িতদের মধ্যে ১৩০ জন বর্তমান ও ৯৯ জন সাবেক শিক্ষার্থী। এদের মধ্যে আজীবন বহিষ্কার করা হয়েছে ৬৪ জনকে। এছাড়া ২ বছরের জন্য বহিষ্কার ৩৭ জন, ১ বছরের জন্য ৮ জন এবং ৬ মাসের জন্য ১ জনকে। অপরদিকে, সাবেক ৭৩ শিক্ষার্থীর সনদ বাতিল করা হয়েছে এবং আরও ৬ জনের সনদ ২ বছরের জন্য স্থগিত।
উপাচার্য আরও বলেন, বহিরাগত সন্ত্রাসী ও পুলিশ সদস্যদেরও হামলায় অংশ নিতে দেখা গেছে, যা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন লঙ্ঘন করে। এজন্য তাদের বিচারের দাবিতে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হবে।
এদিকে প্রতিবেদনে বলা হয়েছে ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তদন্তে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ২০ জন বর্তমান ও ২০ জন সাবেক শিক্ষার্থীসহ মোট ৪০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, যিনি অধিকতর তদন্ত কমিটির আহ্বায়ক, জানিয়েছেন, অব্যাহতি পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। ভিডিও ফুটেজ পর্যালোচনা করেও তাদের সংশ্লিষ্টতা নিশ্চিত করা যায়নি।