মালয়েশিয়ার সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার (১২ আগষ্ট) ২০২৫

মালয়েশিয়ার সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই করেছে বাংলাদেশ। মঙ্গলবার দেশটির পুত্রজায়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্বিপক্ষীয় বৈঠক শেষে এসব সমঝোতা স্মারক ও নোট অব এক্সচেঞ্জ সই হয়।

আরও পড়ুন…ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার উদ্দেশে

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার (মালয়েশিয়ার সময় বেলা সাড়ে ১১টা) কিছু আগে এক পোস্টে সমঝোতা স্মারক ও নোট অব এক্সচেঞ্জ সইয়ের বিষয়টি জানানো হয়।

দুই দেশ প্রতিরক্ষা সহায়তা, জ্বালানি, কৌশলগত ও আন্তর্জাতিক শিক্ষা এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পাঁচটি সমঝোতা স্মারক সই করেছে। এ ছাড়া দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা, কূটনীতিকদের প্রশিক্ষণ এবং হালাল ইকোসিস্টেম নিয়ে তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে।

এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উপস্থিত ছিলেন।

সকালে দ্বিপক্ষীয় বৈঠক শুরুর আগে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইয়ে সই করেন অধ্যাপক ইউনূস। পুত্রজায়ায় পৌঁছানোর পর তাঁকে নিজ কার্যালয়ে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সেখানে দেশটির কূটনীতিকদের সঙ্গে প্রধান উপদেষ্টাকে পরিচয় করিয়ে দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

প্রধান উপদেষ্টা তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর পৌঁছান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। এ সময় প্রধান উপদেষ্টাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

ইবাংলা বাএ

সমঝোতাস্মারক