দুর্নীতি দমন কমিশন (দুদক) একযোগে দেশের দুটি স্থানে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।
অভিযান ০১ (রাজবাড়ী সদর হাসপাতাল):
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে নানাবিধ অনিয়ম ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর গত ১৫ মে পরিচালিত অভিযানের ফলোআপ হিসেবে আজ পুনরায় অভিযান চালায়।
অভিযানকালে হাসপাতালের বহিঃবিভাগ, জরুরি বিভাগ, সার্জারি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সেবা, ডায়েট চার্ট অনুযায়ী খাবার সরবরাহ এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
দুদক জানায়, ১০০ শয্যার বিপরীতে হাসপাতালে ভর্তি রয়েছে ২৬১ জন রোগী। চিকিৎসকের ঘাটতি প্রকট আকার ধারণ করেছে। এছাড়া অধিকাংশ রোগী নিয়মিত খাবার পাচ্ছেন না—প্রতিদিন গড়ে ২৫০ জনের বেশি রোগী ভর্তি থাকলেও সর্বোচ্চ ১০০ জনকে খাবার দেওয়া হয়।
অভিযানকালে হাসপাতালের ওষুধের স্টক ও স্টক রেজিস্টার যাচাই করে দেখা যায়, রেজিস্টারের সাথে বাস্তব মজুদের ঘাটতি রয়েছে। এ অবস্থায় দুদক হাসপাতালের তত্ত্বাবধায়ককে চিকিৎসাসেবার মান উন্নয়ন, নিয়মিত খাবার সরবরাহ নিশ্চিতকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ওষুধ ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানোর পরামর্শ প্রদান করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।
আরও পড়ুন…হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী, নিজ বাসভবনেই
অভিযান ০২ (কুমিল্লা সদর দক্ষিণ):
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অস্তিত্বহীন ভুয়া মিনি স্টেডিয়াম নির্মাণ দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতসহ অনিয়মের অভিযোগে দুদক সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা অভিযান পরিচালনা করে।
অভিযান শুরুর আগে টিম উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বৈঠক করে এবং প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ করে। পরবর্তীতে সরেজমিনে মিনি স্টেডিয়াম পরিদর্শন করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য দ্রুত সরবরাহের আশ্বাস দিয়েছে।
দুদক জানায়, প্রাথমিক বক্তব্য বিশ্লেষণে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। রেকর্ডপত্র সংগ্রহপূর্বক পূর্ণাঙ্গ পর্যালোচনা শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।