বাংলাদেশের প্রশংসা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৫ আগস্ট ২০২৫

মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। এ অঞ্চলের অন্যান্য দেশগুলোকেও একই ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন।

রোববার (২৪ আগস্ট) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার হওয়া রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতি তারা সমর্থন জানাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের আশ্রয় অব্যাহত রাখায় বাংলাদেশ প্রশংসার দাবিদার। পাশাপাশি মিয়ানমার থেকে আগত শরণার্থীদের সহায়তায় এগিয়ে আসা আঞ্চলিক দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন…রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার

যুক্তরাষ্ট্রের এই প্রশংসা এসেছে এমন এক দিনে, যেদিন কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে তিন দিনের আন্তর্জাতিক অংশীজন সম্মেলন শুরু হয়েছে। সোমবার সম্মেলনের মূল অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সম্মেলন থেকে আসা প্রস্তাব আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে উপস্থাপন করবে বাংলাদেশ।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের পর কয়েক মাসের মধ্যে বাংলাদেশে ৭ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজারের উখিয়া-টেকনাফ এলাকায় প্রায় ১১ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে।

একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও তা ব্যর্থ হয়েছে। বাংলাদেশ সরকার বারবার বলছে, সংকট সমাধানের দায়িত্ব মিয়ানমারের, তবে আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাশিত চাপ প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে।

ইবাংলা বাএ

পররাষ্ট্রবিবৃতিমন্ত্রণালয়েরমার্কিন