এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান আর্থিক কর্মকর্তারা (সিএফও) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি নাটকীয়ভাবে পরিবর্তন করেছেন। একসময় যেখানে খরচ সাশ্রয়কেই প্রধান লক্ষ্য ধরা হতো, এখন তারা এআই-কে দীর্ঘমেয়াদি আয় বৃদ্ধির অন্যতম হাতিয়ার হিসেবে দেখছেন।
সেলসফোর্সের নতুন এক গবেষণায় দেখা গেছে, ৭৫% সিএফও মনে করেন এআই এজেন্ট শুধু খরচ কমায় না, বরং প্রতিষ্ঠানের আয়ও বাড়ায়। তাদের ধারণা, এআই এজেন্ট ব্যবহার করলে আয় গড়ে ২০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এছাড়া ৭৭% সিএফও বলেছেন, এআই এজেন্ট তাদের ব্যবসার মডেল পাল্টে দিচ্ছে।
গবেষণা অনুযায়ী, পাঁচ বছর আগে যেখানে ৬৩% সিএফও এআই নিয়ে রক্ষণশীল নীতি গ্রহণ করেছিলেন, বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৩%-এ। এখন ৬০% সিএফও বলছেন, ডিজিটাল শ্রম বা এআই এজেন্ট বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে প্রতিযোগিতায় টিকে থাকার মূল অস্ত্র।
আরও পড়ুন…রোহিঙ্গা সংকটের সমাধানে বৈশ্বিক উদ্যোগ নেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
এপিএসি অঞ্চলের সিএফওরা তাদের এআই বাজেটের প্রায় এক-চতুর্থাংশই এআই এজেন্টে ব্যয় করছেন। শীর্ষ তিনটি ক্ষেত্রে—ঝুঁকি মূল্যায়ন (৮৫%), আর্থিক পূর্বাভাস (৬৫%) এবং মুনাফার হিসাব (৫৮%)—এআই এজেন্টকে ব্যবহার করা হচ্ছে সবচেয়ে বেশি।
তবে এই প্রযুক্তি ব্যবহারে উদ্বেগও রয়েছে। ৬৮% সিএফও নিরাপত্তা ও গোপনীয়তা ঝুঁকি নিয়ে চিন্তিত এবং ৬২% মনে করেন কাঙ্ক্ষিত রিটার্ন অব ইনভেস্টমেন্ট (আরওআই) পেতে সময় বেশি লাগে। বিশেষজ্ঞরা বলছেন, এআই এখন আর কেবল প্রযুক্তি নয়, বরং কৌশলগত ব্যবসায়িক অংশীদার হয়ে উঠছে।