ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস ভিসা আবেদন ও সাক্ষাৎকারে অসত্য তথ্য প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে। দূতাবাস জানিয়েছে, এ ধরনের ক্ষেত্রে শুধু ভিসা প্রত্যাখ্যানই নয়, যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবনের নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
আরও পড়ুন…মার্কিন দূতাবাসের স্পষ্ট বার্তা: নিরাপত্তা উদ্বেগ মিটলেই ভিসা
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, ভিসাপ্রার্থীর বিরুদ্ধে যদি কোনো অপরাধমূলক দণ্ড থাকে, তবে তা যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবন বাধা হয়ে দাঁড়াতে পারে। এমনকি ছোটখাটো অপরাধও ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে।
পোস্টে আরও উল্লেখ করা হয়, কনস্যুলার অফিসাররা সহজেই ভিসাপ্রার্থীর অপরাধসংক্রান্ত রেকর্ড, পূর্বের লঙ্ঘন কিংবা গ্রেপ্তারের তথ্য যাচাই করতে সক্ষম। তাই আবেদন ও সাক্ষাৎকারে সঠিক তথ্য প্রদানের আহ্বান জানানো হয়েছে।
এর আগে গত ১০ জুলাই দূতাবাস জানায়, ভিসা আবেদনকারীদের অবশ্যই ডিএস-১৬০ ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডল উল্লেখ করতে হবে। সে সময়ও আবেদনকারীদের সতর্ক করে বলা হয়েছিল, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে কেবল ভিসা প্রত্যাখ্যানই নয়, ভবিষ্যতে ভিসার যোগ্যতাও হারাতে হতে পারে।
ইবাংলা.প্রেস/ বাএ