ইসরায়েলের সঙ্গে সব ধরনের আকাশ ও নৌ-বাণিজ্য বন্ধ করল তুরস্ক

ইবাংলা.প্রেস | আন্তর্জাতিক ডেস্ক | ঢাকা, ৩০ আগস্ট ২০২৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, দেশটির আকাশসীমায় ইসরায়েলের সরকারি ও সামরিক উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) পার্লামেন্টে গাজা ইস্যুতে এক বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, ফিদানের এ বক্তব্যকে ঘিরে দেশ-বিদেশে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন…ইরান ইস্যুতে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

হাকান ফিদান বলেন, “আমরা অস্ত্র ও গোলাবারুদ বহনকারী জাহাজগুলোকে আমাদের বন্দরে প্রবেশ করতে দিচ্ছি না। একইভাবে ইসরায়েলি উড়োজাহাজকেও আমাদের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। ইসরায়েলের সঙ্গে আমাদের বাণিজ্য কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে।”

তিনি আরও জানান, মুসলিম দেশগুলোকে একযোগে চাপ সৃষ্টি করে জাতিসংঘ সাধারণ পরিষদের সভা থেকে ইসরায়েলকে সাময়িক বরখাস্ত করার উদ্যোগ নিতে হবে। ফিদানের মতে, গাজায় ইসরায়েলের বর্বর হামলা, জেরুজালেমে আল-আকসা মসজিদে উসকানিমূলক পদক্ষেপ এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার জবাব হিসেবেই তুরস্ক এই পদক্ষেপ নিয়েছে।

এদিকে, তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৩ সালের শেষ দিক থেকেই ইসরায়েলের সরকারি ও সামরিক উড়োজাহাজ তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে পারছে না। তবে আন্তর্জাতিক বাণিজ্যিক উড়োজাহাজগুলোর ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

তুর্কি এক কর্মকর্তা জানান, গত নভেম্বরে আজারবাইজান সফরে যাওয়া ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের উড়োজাহাজকেও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি আঙ্কারা। তার ভাষায়, “আমরা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে ইসরায়েলের সরকারি ফ্লাইট প্রত্যাখ্যান করছি।”

শুধু আকাশপথ নয়, সম্প্রতি নৌপরিবহনেও অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক। ইসরায়েলি মালিকানাধীন বা সংশ্লিষ্ট কোনো জাহাজ আর তুর্কি বন্দরে ভিড়তে পারবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপগুলো গত মাসে ঘোষিত ইসরায়েলের বিরুদ্ধে ছয়টি নিষেধাজ্ঞার অংশ। ফিলিস্তিন ইস্যুতে বোগোটায় অনুষ্ঠিত জরুরি সম্মেলনের পর ‘হেগ গ্রুপ’-এর যৌথ বিবৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেয় আঙ্কারা।

তুরস্ক ও ইসরায়েলের সম্পর্ক গত বছর থেকে টানাপোড়েনের মধ্যে রয়েছে। দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রক্রিয়ায় যোগ দেওয়ার পর থেকে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র কূটনৈতিক চাপ অব্যাহত রেখেছে।

ইবাংলা.প্রেস/ বাএ