নুরের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন, জানালো ঢামেক

ইবাংলা.প্রেস | ঢামেক প্রতিবেদক | শনিবার, ৩০ আগস্ট ২০২৫

রাজধানীতে সংঘর্ষে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

শনিবার সকালে মেডিকেল বোর্ডের সদস্য ও ঢামেকের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহিদ রায়হান জানান, নুরের মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। ফলে তাকে এখনও আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। তার শরীরে সোডিয়ামের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম পাওয়া গেছে, যা না বাড়লে শারীরিক ঝুঁকি বাড়তে পারে।

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, রাতে একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর সকালে সিটিস্ক্যান করা হয়। তাতে দেখা গেছে— নুরের মাথার হাড়, নাকের হাড় ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে। মাথার ভেতরে সামান্য রক্তক্ষরণ রয়েছে। তার চোখ-মুখ ফুলে গেছে এবং চোখে রক্ত জমেছে। তবে আপাতত কোনো অস্ত্রোপচার প্রয়োজন হবে না বলে চিকিৎসক বোর্ড মত দিয়েছে।

আরও পড়ুন…রাঙামাটি রাজবন বিহারে মহাসংঘদানানুষ্ঠােন দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থণা

ডা. মোস্তাক বলেন, “এখনও তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। মেডিকেল বোর্ড তার চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণে সভা করবে।বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, নুরের ব্রেনে রক্তক্ষরণ হয়েছে এবং নাকের হাড় ভেঙে গেছে। তিনি বর্তমানে ডান চোখে দেখতে পাচ্ছেন না। কবে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবেন, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, “একজন স্বাধীনতার জুনিয়র যোদ্ধার ওপর হামলা মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দায়ীদের শাস্তি দাবি করি।”

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনায় নুর গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইবাংলা বাএ

জানালোঢামেকসংকটাপন্ন