রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কাকরাইল মোড়ে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যায়। কিছুক্ষণ পর তারা সড়কে অগ্নিসংযোগ করে এবং কার্যালয়ে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।
এর আগে বিকেলে কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি অভিযোগ করেন, শুক্রবার রাতে মশাল মিছিলের নামে কয়েকজন জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। সেনাবাহিনী ও পুলিশের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
আরও পড়ুন…রোববার বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
প্রসঙ্গত, গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
ঠাকুরগাঁও, টাঙ্গাইল, ময়মনসিংহ ও রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রাজশাহীর কার্যালয়ে অগ্নিসংযোগও করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ-অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। এর পর মশাল মিছিলের সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।