অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “পুলিশ অ্যাকটিভ হলে সবাই বলে বেশি করে ফেলেছে।রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “ক্রিকেট খেলায় দাগ কেটে বলে দেওয়া যায় না কোনটা ওয়াইড হবে। পুলিশ আগুন ধরার পর বাধা দিলে সমালোচনা হয়। অথচ নিয়ম হচ্ছে আগুন ধরার আগেই ব্যবস্থা নেওয়া। চট্টগ্রামসহ কয়েকটি ঘটনায় আমরা তা করেছি। এসব ঘটনা যেন আস্তে আস্তে কমে যায়, সেজন্য সবার সহযোগিতা দরকার।
নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের ওপর। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা প্রদানে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, “যে দলের কার্যকলাপ নেই, তারা চাইবে নির্বাচন না হোক। তবে এটি প্রতিহত করার দায়িত্ব জনগণ ও রাজনৈতিক দলের।
আরও পড়ুন…আন্তর্জাতিক পরিষ্কার বায়ু দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা
রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে পুলিশের নিরপেক্ষ আচরণ, পুলিশ সংস্কার কমিশন, রাজনৈতিক দলের কার্যক্রম, মাদক সমস্যা, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ও ভুয়া খবর নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, “গণতন্ত্রের পথে উত্তরণের জন্য সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি ও দলীয় স্বার্থ বাদ দিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।”
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রাজধানী ও আশপাশে এক হাজার ৬০৪টি অবরোধ হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ১২৩টি সংগঠন এসব অবরোধ করেছে। তিনি বলেন, “অবরোধ যদি সড়কের পরিবর্তে খোলা মাঠ বা উদ্যানে করা যায়, তাহলে জনদুর্ভোগ অনেকটা কমে যাবে।”