চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে হাটহাজারী উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
জারিকৃত আদেশ অনুযায়ী, হাটহাজারী পৌর এলাকা ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন ১০ কিলোমিটার এলাকায় বিকেল ৩টা থেকে পরদিন (সোমবার) বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।
এ সময়ে কোনো সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ, অস্ত্র বহন বা পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা বজায় রাখা ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন…স্থানীয়দের হামলায় চবির ৩০ শিক্ষার্থী আহত
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, রেজিস্ট্রার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে আলোচনার চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সংঘর্ষ বাঁধে। এ সময় স্থানীয়দের হামলায় প্রো-ভিসি অসুস্থ হয়ে পড়েন এবং অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হন।
এর আগে শুক্রবারের সংঘর্ষের জের ধরে রোববার সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে জিরো পয়েন্টে বিক্ষোভে বসেন। এক নারী শিক্ষার্থীকে বাসার দারোয়ান কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র করে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরিস্থিতি অবনতির কারণে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন প্রো-ভিসি (প্রশাসন)।