দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশের বিভিন্ন স্থানে একাধিক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক প্রমাণ সংগ্রহ করেছে।
এ অভিযানগুলোতে সরকারি তহবিলের অপব্যবহার, স্থাপনা নির্মাণে অনিয়ম, স্বাস্থ্যসেবা খাতের হয়রানি এবং আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়ে বেশি খরচসহ অভিযোগ যাচাই করা হয়েছে।
অভিযান ০১: কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তুদের আশ্রয়ণ প্রকল্প:
কক্সবাজার সদর উপজেলায় জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প সংক্রান্ত নানা দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় একটি অভিযান পরিচালনা করে।
এসময় জেলা প্রশাসকের কার্যালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয় থেকে প্রাথমিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। এছাড়াও স্থাপনা নির্মাণ, ফ্ল্যাট বরাদ্দ, ভাড়া প্রদান ও অবৈধ দখল সংক্রান্ত বিষয়ে সুবিধাভোগী ও ভাড়াটিয়াদের বক্তব্য নেওয়া হয়। প্রাথমিক যাচাই অনুযায়ী অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
আরও পড়ুন…স্বাস্থ্যসেবার উন্নয়নে ফিজিওথেরাপিস্টদের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
অভিযান ০২: জাতীয় স্টেডিয়াম ফ্লাডলাইট প্রকল্প:
দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত অপর একটি অভিযান জাতীয় স্টেডিয়াম ফ্লাডলাইট প্রকল্পে অস্বাভাবিক বাজেট বৃদ্ধি, আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত খরচ, নকশা পরিবর্তন এবং নিম্নমানের বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহারের অভিযোগ অনুসন্ধানের জন্য করা হয়।
টিম সরেজমিনে জাতীয় ক্রীড়া পরিষদে উপস্থিত হয়ে প্রাথমিক নথি সংগ্রহ করে এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র চাওয়া হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশনকে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
অভিযান ০৩: পাবনা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স:
পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, পাবনা থেকে অভিযান পরিচালনা করা হয়।
এসময় সেবাগ্রহীতাদের জিজ্ঞাসাবাদ, ডাক্তার-নার্সদের হাজিরা শিট, খাবার মেন্যু এবং ওষুধের বরাদ্দ ও বিতরণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। প্রাথমিক বিশ্লেষণে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, প্রাপ্ত রেকর্ডপত্রের পূর্ণাঙ্গ যাচাই শেষে কমিশনকে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। এগুলো ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণে এবং ভবিষ্যতে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে।