দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজশাহী ও বাগেরহাট জেলায় পৃথক দুটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।
অভিযান ০১ (রাজশাহী):
রাজশাহীর চারঘাট পৌরসভায় স্থানীয় সরকার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ‘পানি সরবরাহ ব্যবস্থাপনা প্রকল্পে’ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদক রাজশাহী জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে টিম পৌরসভা কার্যালয় থেকে প্রকল্পের নথি সংগ্রহ করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে। পরে সরেজমিনে পানি সরবরাহকারী পাম্প, লাইন ও রিজার্ভ ট্যাঙ্ক পরিদর্শন করে।
সেবাগ্রহীতাদের বক্তব্য থেকে জানা যায়, প্রকল্প সমাপ্ত হলেও তারা এখনো পানি পাচ্ছেন না। প্রাথমিকভাবে প্রকল্প বাস্তবায়নে দায়িত্বে অবহেলা, দুর্নীতি ও অনিয়মের সত্যতা পাওয়া গেছে। দুদক টিম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
আরও পড়ুন…ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
অভিযান ০২ (বাগেরহাট):
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অনিয়ম, রোগীদের হয়রানি এবং ভুয়া চিকিৎসা সনদ ব্যবহার করে চিকিৎসা প্রদানের অভিযোগে দুদক বাগেরহাট জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রোগীদের খাবার ও চিকিৎসাসেবায় অনিয়মের প্রমাণ মেলে। অভিযোগে বর্ণিত এক চিকিৎসকের চেম্বার বন্ধ পাওয়া যায়, তবে তার সহকারীর কাছ থেকে ভিজিটিং কার্ড ও নোট প্যাড সংগ্রহ করে দুদক।
প্রাথমিকভাবে অনিয়মের সত্যতা পাওয়া যাওয়ায় কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অভিযান সেবার মানোন্নয়ন ও দুর্নীতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।