আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফরিদপুর-২ ও ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তনের সিদ্ধান্তে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙ্গা উপজেলা। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর স্থানীয়দের আহ্বানে আজ শুক্রবার সকাল থেকে দুই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে।
সকাল ৯টার পর থেকে ঢাকা–বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড এবং ঢাকা–খুলনা মহাসড়কের সুয়াদী ও আলগী বাসস্ট্যান্ড এলাকায় শত শত মানুষ একযোগে সড়ক অবরোধে অংশ নেয়।
এতে রাজধানীর সঙ্গে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে যায়। দূরপাল্লার বাস, ট্রাক ও যাত্রীবাহী যানবাহন আটকা পড়ায় সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
অবরোধকারীরা বলেন, “ভাঙ্গা উপজেলাকে ভাগ করার সিদ্ধান্ত অন্যায়। আমরা মেনে নেব না। প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ করে রাখব।
আরও পড়ুন…স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর স্ত্রীর মৃত্যু
ঘটনাস্থলে ভাঙ্গা হাইওয়ে থানা ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা উপস্থিত থাকলেও অবরোধকারীদের সরাতে ব্যর্থ হচ্ছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান সাংবাদিকদের বলেন, “মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। চেষ্টা করছি অবস্থা স্বাভাবিক করতে, কিন্তু অবরোধকারীরা সড়ক ছাড়ছেন না।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়।
এ সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের ডাক দেওয়া হয়, যার ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকে মহাসড়ক অবরোধ করা হয়।