সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ০৬ সেপ্টেম্বর ২০২৫

আজ ১২ রবিউল আউয়াল। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তিনি। একই দিনে, ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন বিশ্বনবী।

মহানবী (সা.)-এর আবির্ভাবের আগে গোটা আরব ছিল অরাজকতা ও অন্ধকারে নিমজ্জিত। সেই জাহেলিয়াত যুগ থেকে মানবজাতিকে মুক্তি দিতে এবং সঠিক পথ দেখাতে আল্লাহর পক্ষ থেকে তিনি নবুয়তের মর্যাদা লাভ করেন। তাঁর জীবন, শিক্ষা ও দাওয়াতই মানবতার পথপ্রদর্শক হয়ে উঠেছে।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শনিবার সকাল থেকে রাজধানীসহ সারা দেশে শুরু হয়েছে নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচি। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রাজধানীর প্রধান সড়ক ও স্থাপনাসমূহ সাজানো হয়েছে জাতীয় পতাকা এবং কালিমা তাইয়্যেবা লেখা ব্যানার দিয়ে।

ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে কেন্দ্র করে ১৫ দিনব্যাপী কিরাত ও নাত প্রতিযোগিতা, সেমিনার, সাংস্কৃতিক আসর, ইসলামী বইমেলা এবং বিশেষ স্মারক প্রকাশের আয়োজন করা হয়েছে।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। দেশের বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় সংগঠন আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। শিশুদের জন্য বাংলাদেশ শিশু একাডেমি আয়োজন করেছে নাত পাঠ ও প্রবন্ধ প্রতিযোগিতা।

এছাড়া সামরিক ও বেসামরিক হাসপাতাল, কারাগার, এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। বিদেশে বাংলাদেশের মিশনগুলোও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করছে।

টেলিভিশন, বেতার ও অনলাইন মাধ্যমগুলো বিশেষ অনুষ্ঠান ও ক্রোড়পত্র প্রকাশ করছে, যেখানে মহানবীর (সা.) জীবন, শিক্ষা ও ইসলামের শান্তি, সহনশীলতা ও মানবতার বার্তা তুলে ধরা হচ্ছে।

ইবাংলা বাএ

ঈদেপবিত্রপালিতমিলাদুন্নবীহচ্ছে