শতলজে বন্যার শঙ্কা, করাচিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

ইবাংলা.প্রেস | আন্তর্জাতিক ডেস্ক | ৭ সেপ্টেম্বর, ২০২৫

লাহোর ও করাচি ব্যুরো অফিস

ভারত পাকিস্তানকে সতর্ক করেছে শতলজ নদীতে সম্ভাব্য উচ্চমাত্রার বন্যার বিষয়ে। পানি সম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী,  রবিবার (৭ আগস্ট) সকাল ৮টায় হরিকে ও ফিরোজপুর পয়েন্টে পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে দেখা গেছে। এর প্রভাব ভাটির কয়েকটি জেলায় পড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন…দক্ষিণ পাঞ্জাবে বন্যা দাপট, হতাশা বেড়েছে জনজীবনে

পাঞ্জাব প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এক বিবৃতিতে জানিয়েছে, বন্যার প্রবল স্রোত নিচের জেলাগুলোতে হুমকি তৈরি করতে পারে। জেলা প্রশাসনগুলোকে প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা চালু করতে, সরিয়ে নেওয়ার নির্দেশনা জনগণের কাছে পৌঁছে দিতে, বাঁধ শক্তিশালী করতে এবং চোকপয়েন্টে ভারী যন্ত্রপাতি প্রস্তুত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া রেসকিউ ১১২২–কে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী মজুত রাখার কথা বলা হয়েছে।

এদিকে, পাকিস্তান আবহাওয়া অধিদফতর (পিএমডি) আজ সন্ধ্যা থেকে করাচিতে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি মাঝে মাঝে বিরতি দিয়ে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত চলতে পারে।

পিএমডি আরও জানিয়েছে, সিন্ধুর থারপারকার, উমরকোট, মীরপুরখাস, সাঙ্গর, খাইরপুর, শাহিদ বেনজিরাবাদ, দাদু, মাটিয়ারি, টান্ডো মুহাম্মদ খান, টান্ডো আল্লায়ার, হায়দরাবাদ, ঠাট্টা, বাদিন, সুজাওয়াল ও জামশোরো জেলায় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি লারকানা, শিকারপুর, কাশমোর, সুক্কুর, জেকবাবাদ ও ঘোটকি জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।

ডন নিউজটিভি জানিয়েছে, ইতোমধ্যেই উমরকোট, থারপারকার ও টান্ডো মুহাম্মদ খান এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।

ইবাংলা.প্রেস/ বাএ