দুর্নীতি দমন কমিশন (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ দুটি পৃথক অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়েছে।
অভিযান ০১: সিটি কর্পোরেশনে তেল খরচের ভুয়া বিল:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত গাড়ির জ্বালানি তেলের ভুয়া খরচ দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়।
অভিযানকালে টিম বিভিন্ন বিল-ভাউচার, গাড়ির লগবুক, ফুয়েল কুপনসহ প্রাসঙ্গিক নথিপত্র সংগ্রহ করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে।
সংগৃহীত তথ্যে দেখা যায়, সিটি কর্পোরেশনের কার্যক্রম টানা ৪০ দিন বন্ধ থাকলেও ভুয়া কাগজপত্রের মাধ্যমে বিপুল পরিমাণ তেলের বিল দেখিয়ে অর্থ উত্তোলন করা হয়েছে। দুদক টিম মনে করছে, অভিযোগের প্রাথমিক সত্যতা স্পষ্টভাবে প্রতীয়মান।
এই বিষয়ে বিস্তারিত পর্যালোচনার পর কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।
অভিযান ০২: মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসা সেবায় অনিয়ম:
মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা সেবা প্রদানে অনিয়ম ও হয়রানির অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ থেকে অপর একটি অভিযান পরিচালিত হয়।
এ সময় টিম রোগীদের সঙ্গে কথা বলে জানতে পারে, ডাক্তার ও নার্সদের নিয়মিত অনুপস্থিতি এবং নিম্নমানের খাবারের কারণে তারা ভোগান্তিতে আছেন। বিশেষ করে রাতের খাবারের তালিকায় মাছ থাকলেও তা রোগীদের দেওয়া হয়নি বলে টিম প্রত্যক্ষ করে।অভিযান শেষে দুদক জানায়, হাসপাতালে সেবার মানোন্নয়ন ও অনিয়ম দূরীকরণে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।