ডাকসু নির্বাচন: আইডি কার্ড ছাড়া প্রবেশ নিষিদ্ধ ঢাবি ক্যাম্পাসে

ইবাংলা.প্রেস | ঢাবি প্রতিবেদক | ০৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ উপলক্ষে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্যাম্পাসে প্রবেশ করতে হলে বৈধ আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

সরেজমিনে শাহবাগ প্রবেশমুখে দেখা যায়, শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিক ছাড়া কাউকে ক্যাম্পাসে ঢুকতে দেয়া হচ্ছে না। তবে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও অ্যাম্বুলেন্সগুলো চলাচল করতে পারছে। সাধারণ মানুষ প্রবেশ করতে চাইলে তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ডিবি, সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, ডগ স্কোয়াড ও সাদাপোশাকধারী গোয়েন্দারাও দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন…ড. ইউনুসের নেতৃত্বে নির্বাচন হলে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে না: কাজী মামুন

ক্যাম্পাসে মোট আটটি চেকপোস্ট বসানো হয়েছে এবং সিসিটিভি মনিটরিং, মোবাইল টহল ও রিজার্ভ ফোর্সও রাখা হয়েছে। সোমবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ক্যাম্পাস এলাকায় আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রতিটি হলে ভোটকেন্দ্র পরিচালনার জন্য শিক্ষকদের ভলান্টিয়ার টিম গঠন করা হয়েছে।

ঢাবির ৩৯ হাজার ৭৭৫ জন ভোটার ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থীর মধ্যে নতুন নেতৃত্ব বেছে নেবেন। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে স্থাপিত ৮১০টি বুথে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকাল ৭টার দিকে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেয়া হয় এবং সাংবাদিক ও এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয়।প্রথমবারের মতো এবার হলের বাইরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সব কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোট দিতে আসার আহ্বান জানিয়েছেন উপাচার্য।

ইবাংলা বাএ

ক্যাম্পাসেঢাবিনিষিদ্ধপ্রবেশ