ভাঙ্গায় আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে সড়ক অবরোধ

ইবাংলা.প্রেস | ফরিদপুর প্রতিনিধি | ৯ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে মাধবপুর স্ট্যান্ড এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়।

অবরোধের কারণে ঢাকা-খুলনা মহাসড়কে শত শত যাত্রীবাহী বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একই সঙ্গে আলগী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করায় ভাঙ্গা-খুলনা মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন…ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে, শিক্ষার্থীদের লম্বা লাইন

খবর পেয়ে ভাঙ্গা থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “উপজেলা প্রশাসন ও পুলিশ স্থানীয়দের শান্ত করার চেষ্টা করছে।

প্রসঙ্গত, আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর এলাকাবাসী দু’দফা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছিলেন। সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নিলেও দাবির সুরাহা না হওয়ায় এলাকাবাসী আবারও আন্দোলনে নেমেছেন।

ইবাংলা বাএ

অবরোধপরিবর্তনেরপ্রতিবাদেসড়ক