ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ। তার দাবি, ছাত্রদল বারবার আচরণবিধি ভঙ্গ করছে এবং নির্বাচন কমিশন এসব বিষয়ে পক্ষপাতমূলক আচরণ করছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব অভিযোগ করেন।ফরহাদ বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ, শিক্ষার্থীদের সাড়া, অনাবাসিক ও নারী শিক্ষার্থীদের উপস্থিতি সবকিছুই সন্তোষজনক ছিল। সবাই ভোট দিচ্ছেন। তবে কিছু অসঙ্গতি লক্ষ্য করেছি।
আরও পড়ুন…পদত্যাগ করলেন নেপালের কৃষিমন্ত্রী
কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচারণা নিষিদ্ধ থাকার কথা থাকলেও ছাত্রদল লিফলেট বিতরণ করেছে। আমরা অভিযোগ জানালেও ব্যবস্থা নেয়া হয়নি। এগুলো আচরণবিধির লঙ্ঘন।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অভিযোগ করেছে, তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের এজেন্টকে প্রবেশাধিকার দেয়া হয়েছে। এটিও অত্যন্ত উদ্বেগজনক বিষয়। কমিশন ও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
ছাত্রদলের ব্যাপারে কনসার্ন জানানোর পরও কোনো তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়নি। এটা খুবই দুঃখজনক।শিক্ষার্থীদের উদ্দেশে ফরহাদ বলেন, এই নির্বাচন আপনাদের জন্য। আপনারা ভোটকেন্দ্রে এসে মতামত দিন। শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়লেই অন্যায়কারীরা ব্যর্থ হবে।