কাতারের রাজধানী দোহায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করেই এ হামলা পরিচালনা করা হয়েছে।
আইডিএফ এক বিবৃতিতে জানায়, ৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামলার পরিকল্পনাকারী ও দায়ীদের টার্গেট করা হয়েছে। তবে কাতারের নাম তারা সরাসরি উল্লেখ করেনি।
ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল–১২ জানিয়েছে, বৈঠকের সময় হামাসের অন্যতম প্রধান নেতা খালেদ মাশাল সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৯৭ সালে জর্ডানে খালেদ মাশালের ওপর হত্যাচেষ্টা চালিয়েছিল ইসরায়েল।
আরও পড়ুন…নেপালে বিক্ষোভের মুখে পদত্যাগ, হেলিকপ্টারে পালালেন প্রধানমন্ত্রী
অন্যদিকে আলজাজিরা জানিয়েছে, উক্ত বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার কথা ছিল হামাস নেতাদের।
হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, “হামাসের রাজনৈতিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আবাসিক ভবনে এ হামলা চালানো হয়েছে। এটি আন্তর্জাতিক আইন ও প্রথার গুরুতর লঙ্ঘন।”
তিনি আরও বলেন, কাতারের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা সরাসরি হুমকির মুখে পড়েছে। ইসরায়েলের এই বেপরোয়া আচরণের বিরুদ্ধে কাতার কঠোর প্রতিক্রিয়া জানাবে। ইতোমধ্যে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে এবং বিস্তারিত তথ্য দ্রুত প্রকাশ করা হবে।