দুদকের চার অভিযানে অনিয়ম-দুর্নীতির চিত্র উন্মোচিত

ইবাংলা.প্রেস │নিজস্ব প্রতিবেদক │১১ সেপ্টেম্বর ২০২৫

দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশের বিভিন্ন স্থানে চারটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে আর্থিক লেনদেনে জালিয়াতি, স্বাস্থ্য খাতে অনিয়ম, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি এবং সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ মেলে।

অভিযান ০১:
রাজধানীতে আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) ও বেক্সিমকো কম্পিউটার লিমিটেডসহ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল অংকের অর্থপাচার ও মানিলন্ডারিংয়ের অভিযোগে অভিযান চালানো হয়। অফিস পরিদর্শন করে নথি ও ব্যাংক হিসাব সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়।

অভিযান ০২:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অনিয়ম ও রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে অভিযান পরিচালিত হয়। রোগীরা হাসপাতালের নোংরা পরিবেশ, নিম্নমানের খাবার এবং অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে দুদক টিমকে অবহিত করেন।

অভিযান ০৩:
খুলনার শিপইয়ার্ড রোড নির্মাণকাজে দীর্ঘদিন ধরে কাজ অসম্পূর্ণ রেখে বিল আদায় ও প্রকল্প ব্যয় বৃদ্ধি করার অভিযোগে অভিযান চালানো হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকৃত কাজের সঙ্গে প্রদত্ত বিলে গুরুতর অসামঞ্জস্য রয়েছে।

অভিযান ০৪:
পিরোজপুরের নেছারাবাদে সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও টেন্ডার অনুযায়ী কাজ না করার অভিযোগে অভিযান চালানো হয়। পরিদর্শনে দেখা যায়, ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব ভেঙে ফেলা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা দুদক নিশ্চিত করেছে।

ইবাংলা বাএ

অনিয়মউন্মোচিতচিত্রদুর্নীতির