সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট | ইবাংলা.প্রেস

সংসদীয় আসন ফিরিয়ে দেওয়ার দাবিতে তিনদিনের হরতাল কর্মসূচি শুরু হয়েছে বাগেরহাটে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সোমবার ভোর থেকেই বাগের হাট জেলার বিভিন্ন স্থানে সকাল-সন্ধ্যা হরতালের কারণে দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রয়েছে জনদুর্ভোগ বাড়ছে জনজীবনে। বন্ধ রয়েছে ট্রাক চলাচলও। তবে সীমিত আকারে রাস্তায় দেখা মিলছে মোটরসাইকেল ও তিন চাকার যানবাহনের।

আরও পড়ুন…দুদকের তিন অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ

সম্মিলিত সংগ্রাম কমিটির আহ্বায়ক এমএ সালাম জানিয়েছেন, সরকারি অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে। তবে ব্যবসা-বাণিজ্যের ক্ষতি এড়াতে দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত রোববার বাগেরহাট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন কমিটির যুগ্ম আহ্বায়ক এমএ সালাম।

গত ৩০ জুলাই নির্বাচন কমিশন ঘোষণা দেয়, ভোটার সংখ্যা কম থাকার কারণে রামপাল-মোংলা নিয়ে গঠিত বাগেরহাট-৩ আসন কমিয়ে গাজীপুরে নতুন একটি আসন তৈরি করা হবে। এ ঘোষণার পর থেকেই বাগেরহাটে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। ২৫ আগস্ট নির্বাচন কমিশনে রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে শুনানি হলেও তাতে কোনো পরিবর্তন আসে না। অবশেষে ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশের মাধ্যমে বাগেরহাটের ৪টি আসন থেকে ৩টিতে চূড়ান্ত করা হয়।

নতুন গেজেট অনুসারে, সদর-চিতলমারী-মোল্লাহাট নিয়ে বাগেরহাট-১, ফকিরহাট-রামপাল-মোংলা নিয়ে বাগেরহাট-২ এবং কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা নিয়ে বাগেরহাট-৩ আসন ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত লাগাতার অবরোধ ও হরতাল চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

আন্দোলনকারীদের দাবি—বাগেরহাটের চারটি আসন অক্ষুণ্ন রাখতে হবে, অন্যথায় জেলাজুড়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ইবাংলা.প্রেস/ বাএ

সকাল-সন্ধ্যাহরতাল