ইসরায়েলবিরোধী সামরিক ইসলামী জোটের ডাক দিল ইরাক

ইবাংলা.প্রেস | আন্তর্জাতিক ডেস্ক | ১৫ সেপ্টেম্বর ২০২৫

ফিলিস্তিনের গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসন ও সম্প্রতি কাতারে চালানো হামলার প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, দোহায় ইসরায়েলের সাম্প্রতিক হামলায় পাঁচ হামাস নেতা ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি।

আল-সুদানি জানান, মুসলিম বিশ্ব আত্মরক্ষার জন্য একটি যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করতে অক্ষম নয়। বরং রাজনৈতিক, নিরাপত্তা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে হবে।

গত সপ্তাহে দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের চালানো হামলায় নিহত হন সংগঠনের পাঁচ সদস্য। তবে হামাসের শীর্ষ নেতারা অক্ষত থাকেন। এ ঘটনার পর কাতারের প্রতি সংহতি জানাতে ও যৌথ প্রতিরোধ কৌশল খুঁজতে ইসলামি বিশ্ব নেতাদের সম্মেলনের আয়োজন করছে দোহা।

মোহাম্মদ শিয়া আল-সুদানি আরও সতর্ক করে বলেন, গাজায় প্রায় দুই বছর ধরে চলমান হত্যাযজ্ঞে বিশ্ব সম্প্রদায় নীরব থাকলেও ইসরায়েলি আগ্রাসন এখানেই থামবে না। তার মতে, ইসরায়েলের কর্মকাণ্ড গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য এক ভয়াবহ হুমকি।

ইবাংলা বাএ

ইরাকইসরায়েলবিরোধীজোটেরডাকদিলসামরিক