দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নয় দিনের সরকারি সফরে পাকিস্তান গেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। ১৭ সেপ্টেম্বর রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি পাকিস্তানের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান পাকিস্তানের ফেডারেল সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব জনাব দাউদ মুহাম্মদ বারেচ এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মোঃ ইকবাল হোসেন খান।
সফরে বাংলাদেশ ও পাকিস্তান দু’দেশের মধ্যে মাদক ও সন্ত্রাস দমন, পুলিশ প্রশিক্ষণে দু’দেশের পুলিশ একাডেমির পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও রোহিঙ্গা বিষয়ে উভয় দেশের সহাবস্থান নিয়ে আলোচনা করা হবে।
আরও পড়ুন…গণমানুষের নেতা আলহাজ্ব মোশাররফ হোসেন: বগুড়া বিএনপিকে সুসংগঠিত নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত
এছাড়া সফরে দু’দেশের মধ্যকার মাদকদ্রব্য, সাইকোট্রপিক পদার্থ, অবৈধ পাচার এবং অপব্যবহারের বিরুদ্ধে লড়াই শীর্ষক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
সফরে স্বরাষ্ট্র সচিব পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ ও বাংলাদেশ মিশন, করাচীতে ই-পাসপোর্ট সার্ভিস উদ্বোধন করবেন। এছাড়া পাকিস্তানে বাস্তবায়িত সেইফ সিটি প্রকল্প, পাকিস্তান পুলিশ একাডেমি এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের জেনারেলের অফিস পরিদর্শন করবেন।
দু’দেশের মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা জানান সংশ্লিষ্টরা। সফর শেষে ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার।