দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান, মহাপরিচালক বা বিভিন্ন কর্মকর্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছে একটি সংঘবদ্ধ চক্র। মামলা বা অভিযোগ থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে তারা সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে।
দুদক জানিয়েছে, পূর্বে এ ধরনের প্রতারণার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। তবে সম্প্রতি নতুনভাবে দুদক চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) মো. সাইফুল ইসলাম পরিচয়ে প্রতারণার ঘটনা ঘটছে।
আরও পড়ুন…ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কাজে লাগবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ওই চক্রটি চেয়ারম্যানের নাম ও ছবি ব্যবহার করে সাবেক কয়েকজন সচিবসহ বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে তারা মোবাইল নম্বর ০১৬০২১২৪৮৪৭ থেকে ফোন করছে।
দুদক এক বিবৃতিতে বলেছে, এই প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। কমিশনের কর্মকর্তাদের পরিচয়ে আসা কোনো ফোন কল বা প্রলোভনে কেউ যেন প্রতারিত না হন।
এছাড়া প্রতারণামূলক ফোন কল, বার্তা বা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে কারও কাছ থেকে টাকা চাওয়া হলে বা কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে দ্রুত দুদকের টোল ফ্রি হটলাইন ১০৬ নম্বরে জানানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ারও পরামর্শ দিয়েছে সংস্থাটি।