জাতিসংঘে জলবায়ু অভিযোজন নিয়ে উচ্চপর্যায়ের সংলাপ

ইবাংলা.প্রেস | আন্তর্জাতিক ডেস্ক | ২২ সেপ্টেম্বর, ২০২৫

সম্পাদনা: সুমন শিকদার:

জাতিসংঘ সদর দফতরে “হাই-লেভেল সল্যুশনস ডায়ালগ অন ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন” শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) মহাসচিবের ক্লাইমেট অ্যাকশন টিমের আয়োজনে এই আলোচনায় ব্রাজিল, ইতালি, দক্ষিণ আফ্রিকা ও ইউএনডিপি অংশ নেয়।

আরও পড়ুন…জাতিসংঘের অধিবেশন ঘিরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে আরও ৬ দেশ

আলোচনায় জানানো হয়, ২০২৪ সালের অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট অনুসারে বিশ্ব বর্তমানে জলবায়ু অভিযোজনের অগ্রগতিতে গুরুতরভাবে পিছিয়ে আছে। অভিযোজনের জন্য যে পরিমাণ অর্থায়ন প্রয়োজন, তা বর্তমানে সরকারি অর্থপ্রবাহের তুলনায় ৮ থেকে ১৪ গুণ বেশি। অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষতি দিন দিন বাড়লেও অর্থায়নের প্রবাহ স্থবির রয়েছে। প্রায় সব দেশই অভিযোজন পরিকল্পনা গ্রহণ করলেও অর্ধেকেরও কম দেশ পরিমাপযোগ্য অগ্রগতি দেখাতে পেরেছে। অর্থসংকট, খণ্ডিত পদক্ষেপ ও সীমিত পরিসরের কারণে কার্যকর বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।

বিশেষজ্ঞরা জানান, জীবন, জীবিকা ও প্রতিবেশ রক্ষায় অর্থায়ন ও বাস্তবায়নের এই দুই ঘাটতি পূরণ করা জরুরি। উন্নয়নশীল দেশগুলো বিশেষ করে স্বল্পোন্নত দেশ (LDCs) ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলো (SIDS) অর্থায়নে প্রবেশাধিকারে মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন। অধিকাংশ সময় সহায়তা ঋণ আকারে আসায় ঋণের বোঝা আরও বেড়ে যাচ্ছে।

সভায় অংশগ্রহণকারীরা জানান, অভিযোজনকে রাজনৈতিক এজেন্ডায় অগ্রাধিকার দেওয়া এখন সময়ের দাবি। এজন্য উদ্ভাবনী অর্থায়ন পদ্ধতি যেমন রেজিলিয়েন্স বন্ড, ব্লু বন্ড, সমুদ্রভিত্তিক অর্থায়ন, প্যারামেট্রিক ইন্স্যুরেন্স, সলিডারিটি লেভি ইত্যাদি বাড়ানো জরুরি।

সংলাপের দুটি মূল সেশন হয়:
১. দেশভিত্তিক অভিযোজন কাঠামো শক্তিশালীকরণ – কীভাবে দেশ-নেতৃত্বাধীন বিনিয়োগযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলা যায় এবং জাতীয় ও আন্তর্জাতিক অংশীদাররা সমন্বিতভাবে বিনিয়োগ বাড়াতে পারে।
২. অভিযোজন অর্থায়ন বৃদ্ধি ও নতুন আর্থিক উপকরণ প্রয়োগ – কীভাবে বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো ও দেশীয় পরিবেশকে কাজে লাগিয়ে অভিযোজন অর্থায়নের প্রবাহ বৃদ্ধি করা যায়, বিশেষ করে ঋণ সংকটে থাকা ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য।

সংলাপ থেকে প্রাপ্ত আলোচনা ও সুপারিশসমূহ ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিবের উচ্চপর্যায়ের অনুষ্ঠানে উপস্থাপন করা হবে। এছাড়া এগুলোকে COP30-এর জন্য একটি পূর্ণাঙ্গ অভিযোজন প্যাকেজ তৈরিতে অন্তর্ভুক্ত করা হবে।
ইবাংলা.প্রেস/ বাএ