দুর্নীতি প্রতিরোধে দুদক ও টিআইবি’র মধ্যে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৪ সেপ্টেম্বর ২০২৫

দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও জোরদার ও গতিশীল করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নতুন করে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।

আজ বুধবার সকাল ১১টায় দুদক প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দুদকের পক্ষে মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন এবং টিআইবি’র পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ, সচিব মোহাম্মদ খালেদ রহীমসহ দুদক ও টিআইবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন…১ লাখ সেনা মাঠে থাকবে সংসদ নির্বাচনে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নতুন সমঝোতা স্মারকের আওতায় দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি, নৈতিকতার মানোন্নয়ন, পদ্ধতিগত উৎকর্ষ, জনসম্পৃক্ততা, অধিপরামর্শ ও প্রচারাভিযান পরিচালনার পাশাপাশি যৌথ গবেষণা, প্রশিক্ষণ এবং অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হবে।

উল্লেখ্য, দুদক ও টিআইবি এর আগে ২০১৫ সাল থেকে ধারাবাহিকভাবে চার দফায় সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সর্বশেষ ৫ম দফায় আজ স্বাক্ষরিত এই চুক্তি ১ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হয়ে ৩০ সেপ্টেম্বর ২০৩০ পর্যন্ত বহাল থাকবে।

ইবাংলা বাএ

মেয়াদিসমঝোতাস্বাক্ষরস্মারক