ভারতের বিপক্ষে জয় তুলে নিতে পারেনি জাকের আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাইফ হাসানের দুর্দান্ত হাফসেঞ্চুরির পরও ৪১ রানের বড় ব্যবধানে হেরে বিদায় নেয় তারা। এই জয়ে সবার আগে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত।
বাংলাদেশের ইনিংসের শুরুটা আশাব্যঞ্জক হলেও মাঝের ওভারে ধস নামে। দ্বিতীয় ওভারে তানজিদ তামিম দ্রুত আউট হলেও সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন পাওয়ার প্লেতে ৪৪ রান তুলে ভালো অবস্থান তৈরি করেন।
তবে ষষ্ঠ ওভারে ইমন (১৯ বলে ২১) কুলদীপ যাদবের বলে ক্যাচ দিয়ে ফিরলে ধস নামে। এরপর দ্রুতই তাওহীদ হৃদয় (৭), শামিম হোসেন (০) ও অধিনায়ক জাকের আলী (রানআউট) ফিরে গেলে চাপে পড়ে যায় বাংলাদেশ।
এমন পরিস্থিতিতে একাই লড়াই চালিয়ে যান সাইফ হাসান। ৩৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করার পর তিনি ৫১ বলে ৩ চার ও ৫ ছয়ে ৬৯ রান করেন। তবে অন্যপ্রান্তে কেউ সঙ্গ দিতে না পারায় ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।বল হাতে হতাশ করেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তিন ওভারে ৩৭ রান দিয়ে মাত্র একটি উইকেট নেন তিনি। ব্যাট হাতেও ব্যর্থ হয়ে ফেরেন ৭ বলে ৪ রানে।
আরও পড়ুন…১৬৯ রানের টার্গেট দিলো ভারত বাংলাদেশকে
১৭তম ওভারে কুলদীপ যাদব টানা দুই বলে রিশাদ হাসান ও তানজিম সাকিবকে সাজঘরে ফেরান। শেষদিকে সাইফ হাসানের উইকেটও তুলে নেন বুমরাহ। শেষ ১৬ বলে দরকার ছিল ৫৩ রান, যা আর সম্ভব হয়নি।
এর আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই বিনা উইকেটেই ৭২ রান তুলে ফেলেছিল ভারত। এরপর বোলিংয়ে এসে জোড়া উইকেট শিকার করে বাংলাদেশকে ম্যাচে ফেরান লেগস্পিনার রিশাদ হোসেন।
এরপর বাংলাদেশের সব বোলাররাই মোটামুটি ভালো বোলিং করেছেন। তাতে ১৬৮ রানেই থেমে গেছে ভারতের ইনিংস। দলের পক্ষে ৩৭ বলে ৬ চার ও ৫ ছক্কায় সর্বোচ্চ ৭৫ রান করেছেন ওপেনার অভিষেক শর্মা। এছাড়া মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে ২৯ বলে ৩৮ রান।