পিরোজপুর, নওগাঁ ও কেরানীগঞ্জে দুদকের এনফোর্সমেন্ট অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৯ সেপ্টেম্বর ২০২৫

দেশের বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়ম, ঘুষ ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি একাধিক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।

অভিযান ০১: পিরোজপুর জেলা রেজিস্ট্রারের কার্যালয়
পিরোজপুর জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালায় দুদক। এ সময় দেখা যায়, এনরোলমেন্ট বহির্ভূত একাধিক নকলনবীশ উপস্থিত রয়েছেন, যা আইনত বেআইনি।

গত এক সপ্তাহের রেজিস্ট্রিকৃত দলিল যাচাই করা হয় এবং দলিল টেম্পারিং সংক্রান্ত অভিযোগের প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। যাচাই শেষে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।

অভিযান ০২: নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগে আরেকটি অভিযান পরিচালিত হয়। হাসপাতালের ওয়ার্ড, সেবা কার্যক্রম ও স্টোরহাউস পরিদর্শন করে দল।

রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। বায়োমেট্রিক হাজিরা তালিকা অনুযায়ী চিকিৎসকরা নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত ছিলেন না বলে প্রাথমিকভাবে জানা যায়।

এছাড়া, বহির্বিভাগে ওষুধ বিতরণেও অনিয়মের প্রমাণ মেলে। হাসপাতালে অপরিচ্ছন্ন পরিবেশ বিশেষভাবে চোখে পড়ে। সংগৃহীত রেকর্ডপত্র যাচাই করে কমিশন বরাবর প্রতিবেদন পাঠানো হবে।

অভিযান ০৩: ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়
কেরানীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে ঘুষ লেনদেন, ওএমএসের চাল বিক্রি ও খাদ্য গুদামের চাল অবৈধভাবে মুড়ি কারখানায় সরবরাহের অভিযোগে অভিযান চালানো হয়। প্রাথমিক সত্যতা মিললে সংশ্লিষ্ট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও পিয়নকে ইতোমধ্যে বদলি করা হয়েছে।

পূর্ববর্তী ডিলারদের নিয়োগ বাতিল করে ওপেন লটারির মাধ্যমে নতুন ডিলার নিয়োগের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। অভিযোগসংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে যাচাই শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে।

ইবাংলা বাএ

অনিয়মঅভিযানেদুর্নীতিরপ্রমাণ