রাজি ইসরায়েল গাজা থেকে সেনা সরিয়ে নিতে: ট্রাম্প

ইবাংলা.প্রেস | আন্তর্জাতিক ডেস্ক | ৪ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনের গাজায় প্রায় দুই বছরের আগ্রাসনের পর সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হামাস শর্ত অনুযায়ী পদক্ষেপ নিলেই তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হবে।

শনিবার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। এর আগে তার দেওয়া ২০ দফা প্রস্তাবের কিছু অংশ মেনে নেওয়ার কথা জানায় হামাস।

হোয়াইট হাউসের প্রকাশিত মানচিত্র অনুযায়ী, প্রাথমিক ধাপে সেনা প্রত্যাহার হলেও গাজার প্রায় ৫৫ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে। ট্রাম্প সতর্ক করে বলেন, হামাস দ্রুত পদক্ষেপ না নিলে সব চুক্তি বাতিল হয়ে যাবে।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই গাজায় আটক জিম্মিদের মুক্তি সম্ভব হবে। তিনি দাবি করেন, কূটনৈতিক ও সামরিক চাপে ট্রাম্পের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া হামাসের সামনে বিকল্প নেই। পাশাপাশি হামাসকে নিরস্ত্র করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, মিশরে শিগগিরই ইসরায়েল ও হামাসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। বৈঠকে মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনারও উপস্থিত থাকবেন।

তবে হামাস অভিযোগ করেছে, যুদ্ধবিরতিতে সম্মতি জানালেও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ একদিনে আরও ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং শরণার্থী শিবিরসহ বিভিন্ন বেসামরিক এলাকায় অন্তত ৯৩টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

হামাস আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেছে, দুই বছরের হত্যাযজ্ঞ ও অবরোধ অবিলম্বে বন্ধ করতে হবে।

ইবাংলা বাএ

গাঁজাথেকেনিতেসরিয়েসেনা