আবুধাবিতে আইইউসিএন বিশ্ব সংরক্ষণ কংগ্রেস শুরু

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ৯ অক্টোবর ২০২৫

প্রকৃতি সংরক্ষণের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন IUCN বিশ্ব সংরক্ষণ কংগ্রেস আজ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর পৃষ্ঠপোষকতা ও উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিশ্বজুড়ে সংরক্ষণ নেতা, নীতিনির্ধারক, পরিবেশবিদ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পালাউ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সুরঞ্জেল হুইপস জুনিয়র, রাজকুমারী লালা হাসনা, পানামার পরিবেশমন্ত্রী জুয়ান কার্লোস নাভারো, ড. সিলভিয়া আর্ল (Mission Blue-এর প্রতিষ্ঠাতা), জাতিসংঘের সহকারী মহাসচিব এলিজাবেথ মারুমা ম্রেমা, IUCN সভাপতি রাজান খলিফা আল মুবারক এবং IUCN মহাপরিচালক ড. গ্রেথেল আগুইলারসহ আরও অনেকে। সবাই তাদের বক্তব্যে জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধ পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন।

আবুধাবিতে আইইউসিএন বিশ্ব সংরক্ষণ কংগ্রেসের উদ্বোধন। ছবি ;- সংগৃহীত

এই বছর ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে কংগ্রেস, যেখানে ১০,০০০ এরও বেশি অংশগ্রহণকারী (সরাসরি ও ভার্চুয়ালি) যুক্ত থাকবেন। সরকারের প্রতিনিধি, সিভিল সোসাইটি, ব্যবসায়ী, গবেষক ও যুব সংগঠনের সদস্যরা আগামী কয়েক দশকের জন্য বৈশ্বিক সংরক্ষণ এজেন্ডা নির্ধারণ করবেন।

সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রী ড. আমনা বিনতে আবদুল্লাহ আল দাহাক বলেন,আইইউসিএন কংগ্রেস আয়োজনের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত দেখিয়েছে যে, টেকসই উন্নয়নের কেন্দ্রে প্রকৃতিকে স্থান দেওয়া আজ সময়ের দাবি। আমাদের ‘জাতীয় জীববৈচিত্র্য কৌশল ২০৩১’ প্রকৃতি-ভিত্তিক সমাধান ও বিপন্ন প্রজাতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন…জাতিসংঘের শান্তি মিশনে ২৫% কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত

IUCN সভাপতি রাজান খলিফা আল মুবারক বলেন,মানবজীবন ও প্রকৃতি অবিচ্ছেদ্য। এই কংগ্রেসে আমাদের হাতে সুযোগ আছে—জ্ঞানকে ঐক্যে, ঐক্যকে কর্মে রূপান্তর করার। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে মানুষ ও প্রকৃতি উভয়ই সমৃদ্ধ হতে পারে।

পরিবেশ সংস্থা আবুধাবির মহাসচিব ড. শাইখা সালেম আল ধাহেরি বলেন,আমিরাতের উদ্যোগ—৪ মিলিয়ন প্রবাল পুনরুদ্ধার, ৫০ মিলিয়ন ম্যানগ্রোভ রোপণ এবং বিপন্ন প্রজাতি সংরক্ষণ—বিশ্বের জন্য অনুপ্রেরণার মডেল।

IUCN মহাপরিচালক ড. গ্রেথেল আগুইলার বলেন,এই কংগ্রেস শুধু অতীতের অর্জন নয়, ভবিষ্যতের প্রতিশ্রুতির প্রতীক। ঐক্য, বিজ্ঞান ও মানবতার চেতনা একত্রে কাজ করলে একটি সমৃদ্ধ ও টেকসই পৃথিবী সম্ভব।”

এই কংগ্রেসে থাকবে IUCN-এর সদস্যদের সাধারণ সভা, যেখানে ৪০টি প্রস্তাবের ওপর ভোট হবে। গৃহীত রেজোলিউশনগুলো ভবিষ্যতের সংরক্ষণ ও উন্নয়ন নীতিকে প্রভাবিত করবে।

অনুষ্ঠানের উদ্বোধনী দিনগুলিতে আরও অনুষ্ঠিত হচ্ছে আদিবাসী ও প্রকৃতি শীর্ষ সম্মেলন, যুব সম্মেলন, ব্যবসায়িক শীর্ষ সম্মেলন, জনহিতৈষী শীর্ষ সম্মেলন এবং তৃতীয় মেনা মহাসাগর সম্মেলন।বিশ্বখ্যাত পরিবেশবিদ ড. জেন গুডঅল কংগ্রেসে যোগ দেওয়ার কথা থাকলেও তার সাম্প্রতিক মৃত্যুর কারণে IUCN তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে।

ইবাংলা বাএ

আইইউসিএনকংগ্রেসবিশ্বশুরুসংরক্ষণহয়েছে