শেষ মুহূর্তের নাটকীয়তায় হংকংয়ের কাছে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | ইবাংলা.প্রেস | ০৯ অক্টোবর, ২০২৫

দীর্ঘ ৪৫ বছরের অপেক্ষা শেষ করার দারুণ সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু শেষ মুহূর্তের এক গোলের আঘাতে সেই স্বপ্ন ভেঙে চূর্ণ। লড়াই করেও হংকং চায়নার কাছে ৪-৩ গোলে হেরে যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

আরও পড়ুন…হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে বাংলাদেশের লিড

১৯৮০ সালে প্রথম ও শেষবারের মতো এশিয়া কাপে খেলা বাংলাদেশ এরপর আর কখনো মহাদেশীয় টুর্নামেন্টে জায়গা করে নিতে পারেনি। আজ ঘরের মাঠে সেই ইতিহাস ফেরানোর প্রত্যাশা নিয়েই মাঠে নেমেছিল হাভিয়ের কাবরেরার দল।

ম্যাচের শুরুটা ছিল দারুণ উজ্জ্বল। ১৩তম মিনিটে বাঁ প্রান্ত থেকে ফ্রি কিকে দুর্দান্ত এক গোল করেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। তার বাঁকানো শট জালে জড়াতেই উল্লাসে মেতে ওঠে গ্যালারি।

তবে প্রথমার্ধের যোগ করা সময়েই গোল শোধ করে হংকং। বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করেন ব্রাজিলীয় বংশোদ্ভূত ফরোয়ার্ড এভারটন কামারগো। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ফিরে বাংলাদেশকে আরও চাপের মুখে ফেলে প্রতিপক্ষ। ৫০ মিনিটে রাফায়েল মারকিয়েস গোল করে হংকংকে এগিয়ে দেন। কিছুক্ষণ পরই তার আরেক প্রচেষ্টা অল্পের জন্য পোস্ট ঘেঁষে বাইরে যায়। তবে ৭৫ মিনিটে আবারও রাফায়েল গোল করে ব্যবধান বাড়ান (৩-১)।

শেষ মুহূর্তে বাংলাদেশও দারুণ লড়াই দেখায়। ৮৪ মিনিটে শেখ মোরসালিন প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলের সুযোগে গোল করে ব্যবধান কমান। এরপর যোগ করা সময়ের নবম মিনিটে মোরসালিনের কর্নার থেকে হেডে গোল করেন শমিত শোম—যা তার আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোল।

৩-৩ সমতায় যখন ড্র নিশ্চিত ভেবে আনন্দে ফেটে পড়ে দর্শকরা, তখনই ঘটে নাটকীয়তা। যোগ করা সময়ের ১১তম মিনিটে রাফায়েলের হ্যাটট্রিক গোলের মধ্য দিয়ে ৪-৩ ব্যবধানে জিতে নেয় হংকং চায়না।

লড়াই করে হেরে গেলেও প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশের ফুটবলাররা। তবে ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আবারও এশিয়া কাপের মঞ্চে জায়গা পাওয়া হলো না বাংলাদেশের।

ইবাংলা.প্রেস/ বাএ