চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন: কড়া নিরাপত্তায় ভোট চলছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | ইবাংলা.প্রেস, ১৫ অক্টোবর | ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায়। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচন হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।

আরও পড়ুন…শাপলা যোগ হবে না প্রতীক তালিকায়: ইসি সচিব

ভোট শুরুর আগে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন এবং আড়াই শতাধিক সিসিটিভি ক্যামেরায় তদারকি করা হচ্ছে পুরো প্রক্রিয়া।

ভোট শেষে দুই ধাপে গণনা হবে—একটি পরিচালনা করবে ভেন্ডর প্রতিষ্ঠান এবং অন্যটি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। প্রতিটি কেন্দ্রেই তাৎক্ষণিকভাবে ফল ঘোষণা করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “প্রতিটি ব্যালটে ২৪ অঙ্কের নিরাপত্তা কোড ও গোপন কোড রয়েছে, যা মেশিনে শনাক্ত করা সম্ভব।”

চাকসুর ২৬টি পদের জন্য ৪১৫ জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য ৪৯৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

নির্বাচনে অংশ নিচ্ছে ১৩টি প্যানেল, এর মধ্যে রয়েছে ছাত্রদল, ছাত্রশিবির, স্বতন্ত্র, বাম ঐক্য, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র মজলিস ও ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’।

ভোট ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তায় মাঠে রয়েছে পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস, গোয়েন্দা সংস্থা, বিএনসিসি ও রোভার স্কাউট। পাশাপাশি পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এক হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। প্রয়োজনে বিজিবি ও সেনাবাহিনীও মোতায়েন করা হতে পারে।

ক্যাম্পাসে প্রবেশের জন্য তিনটি নির্ধারিত পথ খোলা রাখা হয়েছে—কাটা পাহাড়, ৩ নম্বর গোডাউন ও শহীদ মিনারের দক্ষিণের আর্চওয়ে। বৈধ আইডি কার্ড ছাড়া প্রবেশ নিষিদ্ধ।

শিক্ষার্থীদের সুবিধায় শাটল ট্রেন ১১ বার এবং ৩০টি বাস চলাচল করছে বিশ্ববিদ্যালয় ও নগরীর মধ্যে। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভোটারদের সহযোগিতা কামনা করেছে।

ইবাংলা.প্রেস/ বাএ

চাকসুনির্বাচন