রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “১০০ বছর পরেও আমরা আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারিনি—এটাই আমাদের দুর্ভাগ্য। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, বেগম রোকেয়া যেসব দিকনির্দেশনা ও স্বপ্ন দেখিয়ে গেছেন, তা জাতি হিসেবে আমরা বাস্তবায়ন করতে পারিনি। তার ভাষায়, “স্বপ্ন দেখেছি, কথা বলেছি, উৎসব করেছি—কিন্তু অগ্রসর হতে পারিনি। আমাদের ব্যর্থতাই আজকের অনুষ্ঠানের বড় শিক্ষা।
তিনি বলেন, রোকেয়া এমন এক সময় নারীর মুক্তির স্বপ্ন দেখেছিলেন, যখন তা কল্পনাই করা কঠিন ছিল। “তার স্বপ্ন ছিল বিপ্লবী। তিনি চেয়েছিলেন নারীরা নিজের অন্ন নিজেই উপার্জন করবে। আজ আমরা উদ্যোক্তা হওয়ার কথা বলি—সে বহু আগে তা বলে গেছেন,” মন্তব্য করেন ইউনূস।
আরও পড়ুন…বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা ৪ নারীর হাতে
তিনি আরও বলেন, রোকেয়ার মতো পথপ্রদর্শক আর আসে না বলেই জাতি পিছিয়ে আছে। “১০০ বছরে আরেকজন রোকেয়া আসেনি। এটা আমাদের দুর্ভাগ্য।”
অনুষ্ঠানে চার নারীর হাতে রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। তারা হলেন—
নারীশিক্ষা (গবেষণা): রুভানা রাকিব
নারী অধিকার (শ্রম অধিকার): কল্পনা আক্তার
মানবাধিকার: নাবিলা ইদ্রিস
নারী জাগরণ (ক্রীড়া): পন ঋতুপর্ণা চাকমা
১৭৮০ সালের ৯ ডিসেম্বর জন্ম নেওয়া বেগম রোকেয়া নারীর শিক্ষা, স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন সংগ্রাম করেছেন। তার ‘মতিচূর অবরোধবাসিনী’, ‘সুলতানার স্বপ্ন’সহ বহু রচনা সমাজের কুসংস্কার ও নারীর বন্দীদশা ভেদে আলো দেখিয়েছে।